দেশ

মহারাষ্ট্রের রাজনীতিতে নক্ষত্রপতন! বারামতীতে বিমান দুর্ঘটনায় প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার

৬৬ বছর বয়সি অজিত পওয়ারসহ বিমানের মোট পাঁচজন আরোহীরই এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

Truth of Bengal: মহারাষ্ট্রের রাজনীতিতে এক শোকাবহ নক্ষত্রপতন। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান এনসিপি নেতা অজিত পওয়ার। বুধবার সকালে নিজের নির্বাচনী কেন্দ্র বারামতীতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর ব্যক্তিগত বিমানটি ভেঙে পড়ে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) নিশ্চিত করেছে যে, ৬৬ বছর বয়সি অজিত পওয়ারসহ বিমানের মোট পাঁচজন আরোহীরই এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্র অজিত। বুধবার সকালে তিনি বারামতীর একটি রাজনৈতিক সভায় যোগ দিতে মুম্বই থেকে ব্যক্তিগত বিমানে রওনা দেন। সকাল পৌনে ৯টা নাগাদ বারামতী বিমানবন্দরের কাছে পৌঁছলে সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করে। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সজোরে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয়দের দাবি, বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। গুরুতর জখম অবস্থায় উপমুখ্যমন্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

ডিজিসিএ-র রিপোর্ট অনুযায়ী, অভিশপ্ত ওই বিমানে অজিত পওয়ারের সাথে ছিলেন তাঁর ব্যক্তিগত দপ্তরের দুই আধিকারিক এবং দু’জন বিমানকর্মী। দুর্ঘটনায় তাঁদেরও প্রাণহানি ঘটেছে। বারামতী থেকেই রাজনৈতিক জীবনের উত্থান ঘটেছিল অজিতের; সাংসদ থেকে বিধায়ক—সবই ছিলেন এই কেন্দ্রের। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে নিজের সেই চেনা মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

অজিত পওয়ারের অকাল প্রয়াণে মহারাষ্ট্র তথা দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দাদার মৃত্যুসংবাদ পেয়ে সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে দ্রুত বারামতী ছুটে গিয়েছেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। রাজ্যের অগুনতি নেতা-কর্মী তাঁদের প্রিয় ‘দাদা’-র এই আকস্মিক বিদায়ে স্তম্ভিত।

Related Articles