দেশ

মহারাষ্ট্রে বড় নিয়ম! মারাঠি ভাষা না জানলেই বাতিল হবে অটো-রিকশার লাইসেন্স

এই ভাষা না জানলে চালকদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

Truth of Bengal: মহারাষ্ট্রে কর্মরত অটো এবং রিকশা চালকদের জন্য এবার কড়া নিয়ম জারি করল সে রাজ্যের সরকার। আগামী ১ মে থেকে মহারাষ্ট্রের সমস্ত অটো ও রিকশা চালকদের জন্য মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনাইক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ভাষা না জানলে চালকদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

পরিবহণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী এবং চালকদের মধ্যে সঠিক ও স্বচ্ছ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী প্রতাপ সারনাইকের মতে, কোনো রাজ্যে কাজ করতে গেলে সেখানকার স্থানীয় ভাষা শেখা অত্যন্ত জরুরি। মুম্বই, নাগপুর এবং ছত্রপতি শাম্ভাজিনগরের মতো বড় শহরগুলোতে ইদানীং বহু চালক মারাঠি ভাষায় কথা বলতে পারেন না বলে ভুরিভুরি অভিযোগ জমা পড়ছিল। অনেক যাত্রীই দাবি করেছেন যে, ভিনরাজ্য থেকে আসা চালকদের মধ্যে স্থানীয় ভাষা শেখার কোনো আগ্রহও দেখা যায় না। এই সমস্যা মেটাতেই এবার কোমর বেঁধে নামছে প্রশাসন। এই নির্দেশিকা কার্যকর করতে মহারাষ্ট্রের ৫৯টি আঞ্চলিক ও প্রান্তিক পরিবহণ দপ্তর (RTO) কাজ শুরু করবে। চালকরা মারাঠি লিখতে এবং পড়তে পারেন কি না, তা রীতিমতো পরীক্ষা করে দেখা হবে। পরিবহণমন্ত্রী আরও সতর্ক করেছেন যে, এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যদি কোনো সরকারি অফিসার গাফিলতি করেন, তবে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রীমশাইয়ের মতে, স্থানীয় ভাষা জানা লাইসেন্স পাওয়ার অন্যতম প্রাথমিক শর্ত। তিনি বলেন, মানুষ নিজের মাতৃভাষা নিয়ে গর্ব করতেই পারেন, কিন্তু যে রাজ্যে তিনি জীবিকা নির্বাহ করছেন, সেখানকার ভাষাকে যথাযথ সম্মান জানানো এবং কাজের সুবিধার্থে তা শিখে নেওয়া একান্ত প্রয়োজন। মূলত ১ মে থেকেই এই নয়া বিধিনিষেধের কড়াকড়ি শুরু হতে চলেছে গোটা রাজ্যে। এখন এই সিদ্ধান্তের ফলে শ্রমিক ও চালক মহলে কী প্রতিক্রিয়া তৈরি হয়, সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।

Related Articles