মান-অভিমান ভুলে অবশেষে পুনর্মিলন মামি-ভাগ্নের
যৌথ পরিবারের সেই নিবিড় বন্ধন মাঝে আলগা হয়ে গেলেও এই শো-এর মঞ্চে দীর্ঘ আড্ডায় সম্পর্কের সব বরফ গলে জল হয়ে গিয়েছে।
Truth Of Bengal: বাংলা নববর্ষের শুভক্ষণেই দীর্ঘ ১৪ বছরের পারিবারিক তিক্ততা ভুলে পুনর্মিলন ঘটল গোবিন্দার পরিবারে। ১৫ এপ্রিল আরব সাগরের তীরে ‘লাফটার শেফস সিজন ৩’-এর সেটে মামি সুনীতা আহুজার সঙ্গে ভাগ্নে ক্রুষ্ণা অভিষেক ও তাঁর স্ত্রী কাশ্মীরা শাহর এই সাক্ষাৎ নেটপাড়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আবেগঘন মুহূর্তটিকে ‘অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করেছেন ক্রুষ্ণা। তিনি জানান, অনুষ্ঠানের ক্রিয়েটিভ টিম ও চ্যানেল কর্তৃপক্ষ বিষয়টি এতটাই গোপন রেখেছিল যে, সুনীতা আহুজার আসার খবর ক্রুষ্ণা, কাশ্মীরা কিংবা সঞ্চালিকা ভারতী সিং—কারও জানাই ছিল না। দীর্ঘ এক দশক পর কাশ্মীরার সঙ্গে সুনীতার এই সাক্ষাৎ তাঁদের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলে জানান এই কৌতুক অভিনেতা।
শৈশবের স্মৃতি রোমন্থন করে ক্রুষ্ণা জানান, সুনীতা মামিই তাঁকে ছোটবেলায় আগলে বড় করেছেন এবং টানা আট বছর তিনি মামার বাড়িতেই ছিলেন। যৌথ পরিবারের সেই নিবিড় বন্ধন মাঝে আলগা হয়ে গেলেও এই শো-এর মঞ্চে দীর্ঘ আড্ডায় সম্পর্কের সব বরফ গলে জল হয়ে গিয়েছে। ক্রুষ্ণার মতে, যে মিটমাট হয়তো ঘরের চার দেওয়ালে হওয়ার কথা ছিল, চ্যানেল কর্তৃপক্ষ তা প্রকাশ্য মঞ্চে করিয়ে দিয়ে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে। বহু বছর পর মামির সঙ্গে মন খুলে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত এই তারকা দম্পতি।
উল্লেখ্য, কয়েক বছর আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে ক্রুষ্ণার একটি রসিকতাকে কেন্দ্র করেই মামা গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। পরবর্তীতে সন্তানদের অসুস্থতা ও হাসপাতালে দেখা করতে না যাওয়া নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। তবে সম্পর্কের এই টানাপড়েন কাটার ইঙ্গিত মিলেছিল ২০২৪ সালের ২৫ এপ্রিল গোবিন্দার ভাইঝি আরতি সিংয়ের বিয়েতে। সেখানে তিক্ততা ভুলে মামার পা ছুঁয়ে প্রণাম করেছিলেন কাশ্মীরা এবং একে অপরকে জড়িয়ে ধরেছিলেন গোবিন্দা ও ক্রুষ্ণা। এবার মামি সুনীতা আহুজার সঙ্গে এই পুনর্মিলন তাঁদের পারিবারিক বিবাদের অধ্যায়ে ইতি টানল বলে মনে করা হচ্ছে।


