দেশ

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে তুলকালাম! রাস্তায় বসে বিক্ষোভ রাহুল-অভিষেকদের, স্তব্ধ রাজধানী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি! বিরোধীদের ‘নির্বাচন সদন’ অভিযান ঘিরে লঙ্কাকাণ্ড, রাস্তায় ধর্নায় রাহুল-অভিষেক

Truth of Bengal: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে নজিরবিহীন গণবিক্ষোভ ও রাজনৈতিক তাণ্ডব সৃষ্টি হল। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA)-র শীর্ষ নেতাদের আহ্বানে আয়োজিত ‘নির্বাচন সদন’ অভিযানকে কেন্দ্র করে রাজপথ রূপ নিল কার্যত রণক্ষেত্রে। পূর্ব নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনের মকরদ্বার থেকে বিরোধী দলগুলির সাংসদেরা একজোট হয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলে অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে মিছিলটি সংসদ ভবন ছেড়ে নির্বাচন কমিশনের দফতরের দিকে কিছুটা এগোতেই আগে থেকে প্রস্তুত থাকা দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনী ব্যারিকেড দিয়ে পথ অবরুদ্ধ করে দেয়। পুলিশি বাধার মুখে পড়ে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদেরা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা ব্যর্থ হলে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতারা রাস্তার ওপর বসেই কেন্দ্রের নীতি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ধরনা-বিক্ষোভ শুরু করেন।

বিরোধী জোটের এই মেগা কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা অভাবনীয় মাত্রায় বাড়িয়ে দেওয়া হয়। জাতীয় রাজধানী ও গুরুত্বপূর্ণ সড়কগুলিতে আইনশৃঙ্খলা রক্ষায় তিন হাজারের বেশি সশস্ত্র পুলিশকর্মী এবং চার কোম্পানি মহিলা পুলিশ-সহ মোট ৩১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়। সংসদ ভবন, পার্লামেন্ট স্ট্রিট, নির্বাচন সদনের সমস্ত প্রবেশদ্বার এবং বিভিন্ন মেট্রো স্টেশন চত্বরে কয়েক স্তরের কাঁটাতার ও ব্যারিকেড বসানো হয়।

এদিকে, কয়েক দিন ধরে ছাত্র-যুবদের আন্দোলন কভার করতে গিয়ে পুলিশের হাতে সাংবাদিকদের নিগ্রহ ও যৌন হয়রানির মারাত্মক অভিযোগ উঠেছিল। সেই বিতর্ক এড়াতে মঙ্গলবারের অভিযানের আগে দিল্লি পুলিশের তরফে সংবাদমাধ্যমের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশিকা জারি করা হয়। সাংবাদিকদের নিজেদের প্রতিষ্ঠানে দেওয়া বৈধ্য পরিচয়পত্র ঝুলিয়ে রাখা এবং বিক্ষোভ চলাকালীন নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লির কেন্দ্রস্থলে যান চলাচল ব্যাপকভাবে প্রভাবিত হলেও দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী জোট।

Related Articles