রাজ্যের খবর

প্রেসার কুকারে সামান্য ডাল! মিড ডে মিলের খাবার দেখে ক্ষুব্ধ বিধায়ক, স্কুল কর্তৃপক্ষকে কড়া বার্তা

রান্নাঘরে প্রেসার কুকারের ভিতর সামান্য ডাল দেখে ক্ষোভে ফেটে পড়লেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

Truth of Bengal: পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে মিড ডে মিল প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ করছে সরকার। অথচ স্কুলে রান্না হওয়া খাবারের পরিমাণ নিয়েই উঠল প্রশ্ন। রান্নাঘরে প্রেসার কুকারের ভিতর সামান্য ডাল দেখে ক্ষোভে ফেটে পড়লেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর প্রশ্ন, এই অল্প পরিমাণ ডালে আদৌ কতজন পড়ুয়ার খাবারের ব্যবস্থা করা সম্ভব? এমনকী, ২০ জনের খাবার জোগানোও কঠিন বলে দাবি করেন তিনি। ঘটনাটি পাণ্ডবেশ্বরের হরিপুর হিন্দি উচ্চ বিদ্যালয়ের। স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান এবং পরিমাণ খতিয়ে দেখতে আচমকাই সেখানে হাজির হন বিধায়ক। তাঁর আকস্মিক পরিদর্শনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা। স্কুলে পৌঁছেই সরাসরি রান্নাঘরে চলে যান জিতেন্দ্র। সেখানে রান্নার পরিস্থিতি দেখতে গিয়ে প্রেসার কুকারে সামান্য ডাল নজরে আসে তাঁর। তা দেখেই রান্নার দায়িত্বে থাকা কর্মীদের কাছে হিসাব জানতে চান বিধায়ক।

প্রথমে কর্মীরা জানান, প্রতিদিন প্রায় ১০০ জন পড়ুয়া মিড ডে মিল খায়। পরে সেই সংখ্যাই বদলে ৩০ থেকে ৪০ জন বলে জানানো হয়। কর্মীদের বক্তব্যে এই অসঙ্গতি দেখে আরও ক্ষুব্ধ হন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর প্রশ্ন, এত অল্প ডালে যদি ২০ জনেরই খাবার না হয়, তাহলে ৩০-৪০ জন কিংবা ১০০ জন পড়ুয়ার খাবার কীভাবে তৈরি হচ্ছে? সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও খাবারের পরিমাণ এত কম কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিন শুধু রান্নার দায়িত্বে থাকা কর্মীদের নয়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও সতর্ক করেন বিধায়ক। তাঁর বক্তব্য, পড়ুয়াদের পুষ্টির কথা ভেবেই সরকার মিড ডে মিলের জন্য অর্থ বরাদ্দ করছে। এমনকী, এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বেতনও বাড়ানো হয়েছে। তারপরেও খাবারের পরিমাণে কোনওরকম কারচুপি বা গাফিলতি বরদাস্ত করা হবে না।

জিতেন্দ্র তিওয়ারির স্পষ্ট বার্তা, সরকারি প্রকল্পের সুবিধা যাতে সঠিকভাবে পড়ুয়াদের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের। মিড ডে মিলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। তাঁর এই আকস্মিক পরিদর্শন ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে।

Related Articles