গঙ্গাসাগর পর্যন্ত ছুটবে ট্রেন! ৪ হাজার কোটির রেল প্রকল্পে সবুজ সংকেত, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
তাঁর দাবি, বাংলার মোট ১৭টি রেল প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী
Truth of Bengal: আর কয়েক মাস পরেই গঙ্গাসাগর মেলা। তার আগেই রাজ্যের পুণ্যভূমি গঙ্গাসাগরকে রেলপথে যুক্ত করার বিষয়ে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রমে পৌঁছনোর স্বপ্ন বাস্তবায়নের পথে। বৃহস্পতিবার দিল্লির রেল ভবনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাংলার মোট ১৭টি রেল প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি, আসন্ন কেন্দ্রীয় বাজেটে রাজ্যের রেল প্রকল্পগুলির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দেরও আর্জি জানিয়েছেন তিনি।
বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাসাগর পর্যন্ত রেল যোগাযোগের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতি এগিয়েছে। প্রকল্পের মানচিত্র তৈরির কাজও সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের আগে বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরি এবং সমীক্ষার কাজ শুরু হবে। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে গঙ্গাসাগর মেলায় আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে। এদিনের বৈঠকে নন্দীগ্রামের দেশপ্রাণ থেকে দিল্লি নতুন রেলপথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই বরাদ্দ করেছে রাজ্য সরকার। দ্রুত কাজ শুরু করে আগামী মার্চের মধ্যে রেল চলাচল চালু করার বিষয়টি রেলমন্ত্রীর কাছে তুলে ধরেছেন তিনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতার কথাও উল্লেখ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বাংলার প্রতি প্রধানমন্ত্রীর মনোভাব বরাবরই ইতিবাচক।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে জমি জটে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়েও আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন সরকার গঠনের মাত্র দু’সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের জমি সংক্রান্ত সমস্যা মিটিয়ে নতুন করে জমি বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। দ্রুত প্রকল্পের উদ্বোধন করতে চান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সময় দিলেই এই প্রকল্পের উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুধু যাত্রী পরিষেবা নয়, পণ্য পরিবহণের পরিকাঠামো উন্নয়ন নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যে শিল্প, বিনিয়োগ ও ব্যবসার পরিধি বাড়ায় আরও বেশি পণ্যবাহী রেকের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহণ যাতে আরও দ্রুত ও মসৃণ হয়, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।






