নীতীশের নামে গঙ্গার বুকে সেতু! গামছা উড়িয়ে উদ্বোধন করলেন মোদি
নীতীশ কুমারের নামে গঙ্গার উপর তৈরি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Truth of Bengal: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে গঙ্গার উপর তৈরি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু পটনার কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপুরকে যুক্ত করেছে। প্রায় ১৪ বছর ধরে চলা নির্মাণকাজ শেষে শনিবার গামছা উড়িয়ে সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত বছর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পর বিজেপির সদর দফতরে গামছা উড়িয়ে প্রবেশ করেছিলেন মোদি। প্রায় এক বছর পর সেই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল সেতুর উদ্বোধনে।
এদিন পশ্চিমবঙ্গ থেকে বিহারে পৌঁছন প্রধানমন্ত্রী। পটনা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জেডিইউ প্রধান নীতীশ কুমার। দু’জনকে আলিঙ্গন করতে এবং হাসিমুখে কথা বলতে দেখা যায়। পরে নীতীশের সঙ্গে ছবি পোস্ট করে মোদী জানান, তাঁর সঙ্গে দেখা করে ভাল লাগল।
তবে সেতুর নামকরণ ঘিরে ইতিমধ্যেই বিহারে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আরজেডি নেতা তেজস্বী যাদবের অভিযোগ, নীতীশের নামে সেতু উদ্বোধন করে বিজেপি আসলে তাঁর রাজনৈতিক জীবনের অবসানের বার্তা দিতে চাইছে। তাঁর দাবি, জীবিত ব্যক্তির নামে সাধারণত সেতু বা মূর্তি তৈরি করা হয় না। আরজেডির পক্ষ থেকে সেতুটির নাম স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বট রাইয়ের নামে রাখার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, তেজস্বীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র কুন্তল কৃষ্ণের কটাক্ষ, তেজস্বী ও তাঁর পরিবার শুধু লুটপাট করেছে। নীতীশ কুমারের আমলে বিহারের উন্নয়নের সাক্ষী এই সেতু।






