কলকাতা

ধর্ষণ ও দুর্নীতির অভিযোগে জিরো এফআইআর, আদালতের দ্বারস্থ হচ্ছেন ব্রাত্য বসু! বললেন, ‘পূর্ণাঙ্গ তদন্ত চাই’

পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

Truth of Bengal: ধর্ষণ, যৌন হেনস্তা, দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগে প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দায়ের হয়েছে জিরো এফআইআর। বাগুইআটি থানায় দায়ের হওয়া অভিযোগগুলি ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। এবার এই অভিযোগ ঘিরে মুখ খুললেন ব্রাত্য বসু। সমস্ত অভিযোগ অস্বীকার করে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন তিনি। পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বলেন, যে কেউ অভিযোগ দায়ের করতে পারেন। তবে সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। তাঁর কথায়, আইনের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তাই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারা, কেন এই অভিযোগ করেছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেন ব্রাত্য।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, যে দফতর নিয়ে অভিযোগ উঠেছে, তিনি সেই তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ছিলেন না। ফলে সেখানে প্রভাব খাটানোর প্রশ্নই ওঠে না। অভিযোগকারীদের কাউকেই তিনি চেনেন না বলেও দাবি করেছেন। এমনকী, বাংলা অ্যাকাডেমির এক সরকারি আধিকারিকের কাছেও বিষয়টি জানতে চেয়েছিলেন বলে জানান ব্রাত্য। তাঁর দাবি, ওই আধিকারিকও অভিযোগকারিণীকে চেনেন না বলে জানিয়েছেন। জিরো এফআইআর নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর বক্তব্য, অভিযোগ দায়ের করার অধিকার প্রত্যেকের রয়েছে। কিন্তু অভিযোগের পক্ষে প্রমাণ থাকা প্রয়োজন। একইসঙ্গে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিতে হবে। শুধু অভিযোগের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয় বলে মনে করেন তিনি।

এদিন নিজের প্রাক্তন আপ্তসহায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ব্রাত্য। কেন বারবার তাঁর নাম এই ঘটনায় জড়ানো হচ্ছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। ২০২২ সালে বিকাশ ভবনে থাকাকালীন সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন বলেও দাবি করেন প্রাক্তন মন্ত্রী। তাঁর বক্তব্য, সেই ফুটেজ খতিয়ে দেখলেই বোঝা যাবে সংশ্লিষ্ট মহিলা কখনও তাঁর ঘরে এসেছিলেন কি না। পাশাপাশি ফোন ও হোয়াটসঅ্যাপের কললিস্ট প্রকাশ করারও দাবি জানিয়েছেন তিনি। ইন্দ্রনীল সেনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গেও মুখ খোলেন ব্রাত্য। তাঁর দাবি, দু’জনের সম্পর্ক কখনওই ঘনিষ্ঠ ছিল না, বরং ছিল আনুষ্ঠানিক। তথ্য ও সংস্কৃতি দফতরে থাকাকালীন একবার একজনের জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু সেই সুপারিশও পরে প্রত্যাহার হয়ে যায়। এরপর আর কোনও সুপারিশ করেননি বলে জানান তিনি।

Related Articles