‘তেল মারা’ থেকে ‘হিন্দি গানের ঝিং-চ্যাক’—দলের একাংশের রিলস-প্রীতিতে ক্ষুব্ধ কুণাল, দিলেন কড়া বার্তা
শনিবার এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে দলের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কুণাল ঘোষ
Truth of Bengal: দলের অন্দরের অসংগতি নিয়ে ফের প্রকাশ্যে সরব হলেন তৃণমূল নেতা তথা বিধায়ক কুণাল ঘোষ। নাম না করেই দলের একাংশের কাজকর্ম ও আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক অভিযোগ তুলেছেন তিনি। কয়েকজনের ভুলের দায় গোটা দলকে নিতে হতে পারে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন কুণাল। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে কঠোর পদক্ষেপের পক্ষেও সওয়াল করেছেন তিনি। শনিবার এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে দলের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কুণাল ঘোষ। তাঁর নিশানায় মূলত কিছু নেতাকর্মীর সোশ্যাল মিডিয়া নির্ভর প্রচার এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। তৃণমূল নেতার অভিযোগ, কেউ কেউ সংগঠনের কাজে মন দেওয়ার পরিবর্তে তেল মারা, অন্যের নাম জড়িয়ে পোস্ট করা কিংবা নির্দিষ্ট রাস্তা ও ঠিকানা উল্লেখ করে লাইভ এবং রিলস করতে বেশি ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রচার করতে গিয়ে সহকর্মীদেরও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
কারণে অকারণে তেল মারা, নেম ড্রপিং, বড় নামের সঙ্গে জড়িয়ে পোস্ট, নির্দিষ্ট একটি ঠিকানা বা রাস্তা দেখিয়ে লাইভ বা রিলস, সোশ্যাল মিডিয়ায় নাটক করতে গিয়ে সহকর্মীদের বিপদে ফেলা, পাড়ার ক্লাব বা পুজোটাতেও জড়িত না থেকে নেতানেত্রীদের জয়ধ্বনি দিয়ে ভেসে থাকা, অকারণে রোজ মুখ দেখানো, এলাকার সংগঠনে কাজ না করে বিকেলে দেড় ঘন্টার জিন্দাবাদ সফর, ফেস বুকের লাইক বা ফলোয়ার সংখ্যাকে জনপ্রিয়তার মাপকাঠি ভাবা, হাঁটার ছবি স্লো মোশানে চালিয়ে হিন্দি গানের ঝিং চ্যাক- জাস্ট আর নেওয়া যাচ্ছে না। কাজে ভুল হতে পারে, কিন্তু ভুলের পুনরাবৃত্তি আর ভুল লোকেদের মাত্রাছাড়া হইচই আবার আত্মঘাতী হয়ে উঠতে পারে। গদ্দারমুক্ত পরিবেশে অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠার অবকাশ আছে। পরিস্থিতি কঠিন, তবু মানুষ নেত্রীর প্রতি সমর্থনে। বাংলাজুড়ে বহু কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া, কর্মচ্যুত হয়েও এখনও নেত্রীর অনুগামী। এই সময়ে অপরিণত, উদ্দেশ্যপ্রণোদিত কাজগুলো কাম্য নয়। বারবার বলে বুঝিয়ে না হলে একটু কড়া ডোজ দরকার। কয়েকজনের জন্য সবার ক্ষতি বরদাস্ত করা যাবে না। জয় বাংলা।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 20, 2026
এখানেই থেমে থাকেননি কুণাল। তাঁর বক্তব্য, এলাকার সংগঠনের কাজে সক্রিয় না থেকেও কেউ কেউ বিকেলবেলা দীর্ঘক্ষণ বিজয় মিছিল কিংবা জিন্দাবাদ স্লোগানে ব্যস্ত থাকছেন। ফেসবুকে লাইক ও ফলোয়ারের সংখ্যাকেই জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে তুলে ধরার প্রবণতা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। এমনকী, ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে তার সঙ্গে হিন্দি গানের ঝিং-চ্যাক জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রবণতাকেও সমালোচনা করেছেন তৃণমূল নেতা। যদিও ভুলভ্রান্তি যে কারও হতে পারে, তা মেনে নিয়েছেন কুণাল ঘোষ। তবে একই ভুল বারবার হলে তা দলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, কয়েকজনের ভুলের কারণে দলের বাকিদের ক্ষতির মুখে পড়তে দেওয়া যায় না। গদ্দারমুক্ত পরিবেশে আরও দায়িত্বশীলভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
পোস্টে দলের কর্মীদের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেছেন কুণাল। তাঁর দাবি, বাংলার বিভিন্ন প্রান্তে বহু তৃণমূল কর্মী অত্যাচারিত, বন্দি এবং ঘরছাড়া হয়েও এখনও দলনেত্রীর প্রতি অনুগত রয়েছেন। সেই পরিস্থিতিতে দলের ভিতরে অপরিণত ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কোনওভাবেই কাম্য নয়। রাজনৈতিক মহলে কুণালের এই পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। দলের অন্দরের কোন অংশকে নিশানা করে তিনি এই বার্তা দিলেন, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।





