রাজ্যের খবর

তিন দিন পিছোল বিসর্জন, চন্দননগরের বারোয়ারিগুলির বাড়ল খরচ

বৃহস্পতিবারের পরিবর্তে আগামী রবিবার হবে বহু প্রতীক্ষিত শোভাযাত্রা।

Truth of Bengal: প্রাকৃতিক দুর্যোগের জেরে তিন দিন পিছিয়ে গিয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ও বিসর্জন। বৃহস্পতিবারের পরিবর্তে আগামী রবিবার হবে বহু প্রতীক্ষিত শোভাযাত্রা। তবে এই বাড়তি তিন দিন প্রতিমা মণ্ডপে রেখে দেওয়ার কারণে পুজো উদ্যোক্তাদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। সব বারোয়ারি মিলিয়ে অতিরিক্ত খরচের পরিমাণ দেড় থেকে দু’কোটি টাকা ছাড়াতে পারে বলে অনুমান।

শোভাযাত্রার জন্য ভাড়া করা লরি, আলোকসজ্জা, জেনারেটর, ব্যান্ডের দল, নিরাপত্তারক্ষী এবং সিসিটিভি—সব ক্ষেত্রেই বাড়তি খরচ সামলাতে হচ্ছে উদ্যোক্তাদের। এক একটি বারোয়ারির ক্ষেত্রে লরির ভাড়া ৪০-৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ছে। ভিনরাজ্য থেকে আসা ব্যান্ডের দলকে অতিরিক্ত দিন রাখতেও গুনতে হচ্ছে ৫০-৬০ হাজার টাকা। পাশাপাশি শিল্পীদের থাকা-খাওয়া এবং প্রতিমার নিরাপত্তার খরচও বেড়েছে।

পুজো উদ্যোক্তাদের একাংশের দাবি, বাড়তি খরচ সামলাতে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। কোথা থেকে এই অর্থের সংস্থান হবে, তা নিয়ে চলছে আলোচনা। পালপাড়া সর্বজনীনের সহকারী সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী জানিয়েছেন, বাড়তি খরচের কারণে কয়েকটি বারোয়ারি ভিনরাজ্য থেকে আসা ব্যান্ডের দলকে ফিরিয়েও দিচ্ছে। অন্যদিকে, প্রতিমার গয়না ও মূল্যবান সামগ্রী সুরক্ষিত রাখতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী এবং সিসিটিভির ব্যবস্থাও রাখতে হচ্ছে।

চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অধীনে মোট ১৮০টি পুজোর মধ্যে ৬৮টি বারোয়ারি শোভাযাত্রায় অংশ নেবে। আলোকসজ্জায় সাজানো মোট ২৪৫টি লরি শহরের রাজপথে বেরোবে। কেন্দ্রীয় পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউয়ের হিসাব অনুযায়ী, দুর্যোগের কারণে শোভাযাত্রা পিছিয়ে যাওয়ায় সব মিলিয়ে অতিরিক্ত খরচ দেড় থেকে দু’কোটি টাকা হতে পারে, এমনকি তার বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

শুধু চন্দননগর নয়, দুর্যোগের প্রভাব পড়েছে কৃষ্ণনগর ও তেহট্টের জগদ্ধাত্রী পুজোতেও। কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমাকে বৃহস্পতিবার রাতেই পাট থেকে নামিয়ে মন্দিরে রাখা হয়েছে। আপাতত প্রতিদিন পুজো ও ভোগ চলবে। অন্যদিকে, প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তেহট্টে আগামী সোমবার নির্ধারিত সময়ে বিসর্জন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

Related Articles