৮৯ বছর ধরে তালাবন্ধ জগদীশচন্দ্র বসুর সিন্দুক! ভিতরে কি লুকিয়ে বিজ্ঞানের অমূল্য সম্পদ?
ঝাড়খণ্ড হাই কোর্টের একটি নির্দেশ ঘিরে নতুন করে আশার আলো দেখছেন বিজ্ঞানপ্রেমীরা
Truth of Bengal: প্রায় তিন ফুট লম্বা, দু’ফুট চওড়া একটি লোহার সিন্দুক। দেখতে সাধারণ হলেও তার ভিতরে কী রয়েছে, তা জানেন না কেউই। কারণ, ৮৯ বছর ধরে খোলাই হয়নি সিন্দুকটি! আর সেটির মালিক আর কেউ নন, স্বয়ং আচার্য জগদীশচন্দ্র বসু। দীর্ঘ কয়েক দশক ধরে তালাবন্ধ হয়ে থাকা সেই রহস্যময় সিন্দুক খোলার পথ এবার প্রশস্ত হতে পারে। ঝাড়খণ্ড হাই কোর্টের একটি নির্দেশ ঘিরে নতুন করে আশার আলো দেখছেন বিজ্ঞানপ্রেমীরা। আদালতের পর্যবেক্ষণ, সিন্দুকের ভিতরে থাকা গবেষণার নথিপত্র মানবজাতি তথা বিজ্ঞানজগতের অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। তাই সেটি খোলার উপযুক্ত সময় এখনই। আচার্য জগদীশচন্দ্র বসু লিখেছিলেন, ‘পুরাতন পাহাড়াই বর্তমান গঠিত, অতীতের ইতিহাস না জানিলে বর্তমান ও ভবিষ্যৎ অন্ধকারই রহিবে।’ তাঁর সেই উপলব্ধিই যেন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশে।
ঘটনার সূত্রপাত গিরিডির বরবাডায়। এখানেই ছিল বিজ্ঞানীর শেষ বাসভবন ‘শান্তি ভবন’। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগদীশচন্দ্র। পরে বাড়িটির নামকরণ হয় ‘জে সি বসু স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র’। কিন্তু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, পড়ুয়া ও গবেষকদের জন্য কার্যত বন্ধ হয়ে রয়েছে ঐতিহাসিক ভবনটি। বর্তমানে ভবনটির দায়িত্বে রয়েছে ঝাড়খণ্ডের ক্রীড়া দফতর। বাড়িটির বেহাল দশা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করে ঝাড়খণ্ড হাই কোর্ট। গত ১৮ নভেম্বর বিচারপতি রমন মুশোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ ভবনটির সংস্কার ও সংরক্ষণের জন্য রাজ্য সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশেই উঠে আসে রহস্যময় লোহার সিন্দুকের প্রসঙ্গ। আদালতের পর্যবেক্ষণ, বিজ্ঞানীর মৃত্যুর পর থেকে সিন্দুকটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তার ভিতরে জগদীশচন্দ্রের গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। সেগুলি উদ্ধার করা গেলে বিজ্ঞানচর্চার জগৎ সমৃদ্ধ হতে পারে।
অবশ্য সিন্দুক খোলার উদ্যোগ এই প্রথম নয়। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের হাত দিয়ে সিন্দুক খোলার পরিকল্পনা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারের যান্ত্রিক গোলযোগের কারণে তাঁর গিরিডি সফর বাতিল হয়। পরবর্তী সময়েও একবার সফর ভেস্তে যায়। ফলে অধরাই থেকে যায় সিন্দুক খোলার উদ্যোগ। পরে সিন্দুকটির বাইরের অংশ সংস্কার করে রং করা হলেও ভিতরের রহস্য অজানাই থেকে গিয়েছে। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে স্যার জে সি বসু মেমোরিয়াল সোসাইটি। সংগঠনের সম্পাদক ঋতেশ সরকের দাবি, গত ২০ বছর ধরে ঐতিহাসিক সম্পত্তিটি সংরক্ষণ এবং সিন্দুক খোলার বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছেন তাঁরা। এবার আদালতের হস্তক্ষেপে সেই উদ্যোগ বাস্তবায়িত হওয়ার আশা তৈরি হয়েছে।
এখন গিরিডির পড়ুয়া থেকে বিজ্ঞানপ্রেমী, সকলেরই কৌতূহল একটাই—কী রয়েছে ওই সিন্দুকের ভিতরে? গবেষণার অপ্রকাশিত নথি, অজানা আবিষ্কারের তথ্য, নাকি ইতিহাসের আরও কোনও বিস্ময়? বিশেষজ্ঞদের উপস্থিতিতে সিন্দুক খুললে হয়তো সামনে আসবে বিজ্ঞানের ইতিহাসের এক অজানা অধ্যায়। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর গল্পে যে গিরিডি রহস্যের আবহ তৈরি করেছিল, বাস্তবেও সেই শহর এবার এক নতুন রহস্যের মুখোমুখি। এবার অপেক্ষা শুধু তালা খোলার।




