বিনোদন

ভারতীয়দের মনে কোরিয়ান সংস্কৃতির প্রভাব, রবি কিষানকে নিয়ে নতুন ছবির পরিকল্পনায় শিবু-নন্দিতা!

ভারতের তরুণ প্রজন্মের মধ্যে কোরিয়ান সংস্কৃতির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।

Truth of Bengal: সিনেমার পর্দায় শুধু গল্প নয়, সমাজের মনস্তত্ত্বও তুলে ধরতে বরাবরই দক্ষ পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বাস্তব জীবনের নানা ঘটনা তাঁদের ছবির অন্যতম আকর্ষণ। এবার ভারতীয় সমাজে কোরিয়ান সংস্কৃতির ক্রমবর্ধমান প্রভাব নিয়েই নতুন ছবি তৈরি করতে চলেছেন উইন্ডোজের এই পরিচালকজুটি। ছবির মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা তথা সাংসদ রবি কিষান।

ভারতের তরুণ প্রজন্মের মধ্যে কোরিয়ান সংস্কৃতির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ফ্যাশন থেকে বিনোদন, নানা ক্ষেত্রেই তার প্রভাব স্পষ্ট। এই পরিবর্তন ভারতীয়দের দৈনন্দিন জীবন ও মানসিকতায় কীভাবে প্রভাব ফেলছে, তা হাস্যরসের মোড়কে তুলে ধরবেন শিবপ্রসাদ ও নন্দিতা। ছবির চিত্রনাট্য লিখছেন জিনিয়া সেন।

এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, হিন্দি ভাষায় তৈরি হতে চলেছে এই সিনেমা। ২০২৭ সালের গোড়াতেই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা। ‘পোস্ত’র পর ফের হিন্দি ছবির পরিচালনায় ফিরছেন শিবু-নন্দিতা। হিন্দি বলয়ের দর্শকদের কথা মাথায় রেখেই মুখ্য চরিত্রে বেছে নেওয়া হয়েছে রবি কিষানকে।

‘লাপাতা লেডিজ’, ‘মামলা লিগ্যাল হ্যায়’-এর মতো কাজের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন রবি কিষান। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মঞ্চেও তাঁর সংলাপ ও উপস্থিতি নিয়ে চর্চা চলে। এবার শিবু-নন্দিতার পরিচালনায় কোরিয়ান সংস্কৃতির সঙ্গে ভারতীয় সমাজের মেলবন্ধনের গল্পে তাঁকে কোন ভূমিকায় দেখা যায়, সেদিকেই নজর সিনেমাপ্রেমীদের।

Related Articles