কলকাতা

‘ফিরলে কী পাবে কর্মীরা?’ মমতার ১৫ দিনের ডেডলাইনের পর বিস্ফোরক মদন মিত্র

এবার খোলাখুলি প্রশ্ন তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র

Truth of Bengal: পুরনো যোদ্ধাদের ফের দলে টানতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে অডিও বার্তায় দলছুট নেতা-কর্মীদের ১৫ দিনের মধ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই বার্তা ঘিরেই এবার খোলাখুলি প্রশ্ন তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর সোজাসাপটা প্রশ্ন, “ফিরলে কী পাবে কর্মীরা?” বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই রাজনৈতিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একের পর এক পুরনো নেতা-নেত্রী দূরে সরে গিয়েছেন। দলীয় প্রতীক নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতেই পুরনো কর্মী-সমর্থকদের ফের এক ছাতার তলায় আনার চেষ্টা শুরু করেছেন মমতা।

গত রবিবার ইসলামপুরের জনসভায় টেলিফোনিক ভাষণে তিনি বলেন, “যাঁরা ফিরতে চান, ১৫ দিনের মধ্যে ফিরুন।” তাঁর বার্তায় স্পষ্ট ছিল, দল ছেড়ে চলে যাওয়া কর্মীদের একটা অংশকে ফেরানোর দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। নির্বাচনের ফল ঘোষণার পর দল যেভাবে ভেঙে পড়েছিল, সেই পরিস্থিতিতেও কর্মী-সমর্থকদের উপরই আস্থা রাখার কথা বারবার বলেছেন মমতা। তাঁর বক্তব্য ছিল, “যাঁরা চলে গিয়েছেন, গিয়েছেন। আমার দলের মূল শক্তি কর্মী-সমর্থক। তাঁদের নিয়েই দল এগোবে।”

কিন্তু সেই প্রত্যাবর্তনের ডাক নিয়েই প্রশ্ন তুললেন মদন মিত্র। তাঁর কথায়, “প্রয়োজনে পলিটিক্স ছেড়ে দেব, কিন্তু আর নতুন করে কালীঘাটের রাজপ্রাসাদে যেতে প্রস্তুত নই। ফিরব বলে আসিনি। তাছাড়া ফিরে গেলে কর্মীরা কী পাবে?” অর্থাৎ শুধু আবেগের বার্তা বা পুরনো সম্পর্কের টানে ফের দলে যাওয়া নিয়ে আগ্রহী নন মদন। তাঁর বক্তব্যে স্পষ্ট, কর্মীদের রাজনৈতিক ভবিষ্যৎ, সম্মান এবং ভূমিকা কী হবে—সেই প্রশ্নের উত্তর আগে প্রয়োজন। মদন আরও জানিয়েছেন, ১৫ দিন তো দূরের কথা, ১৫ মাস সময় দিলেও ব্যক্তিগতভাবে তিনি ফিরে যাওয়ার কথা ভাবছেন না। ফলে মমতার প্রত্যাবর্তনের আহ্বান যতই পুরনো কর্মীদের উদ্দেশে হোক, মদন মিত্র অন্তত আপাতত সেই পথে হাঁটছেন না।

Related Articles