দেশ

ইউসুফ পাঠানকে জমি উপহার গুজরাত সরকারের,বাকি অংশও মিলবে বাজারদরের চেয়ে কম দামে

পুরনিগমের সিদ্ধান্ত অনুযায়ী, ভদোদরার তান্দালজা এলাকায় ইউসুফ পাঠানের বাড়ির পাশের মোট ৯৭৮ বর্গমিটার জমির মধ্যে ৫০০ বর্গমিটার তাঁকে বিনামূল্যে দেওয়া হবে।

AK Bangla 24×7 Digital : প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূলের বিদ্রোহী সাংসদ ইউসুফ পাঠানকে ঘিরে ফের বিতর্ক। গুজরাতের ভদোদরায় তাঁর বাড়ির পাশের একটি বিতর্কিত সরকারি জমির একাংশ বিনামূল্যে এবং বাকি অংশ বাজারদরের তুলনায় অনেক কম দামে দেওয়ার প্রস্তাবে সিলমোহর দিল ভদোদরা পুরনিগমের সাধারণ সভা। বুধবার সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাশ হয়। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, শাসক বিজেপি রাজনৈতিক স্বার্থে সরকারি জমি বিলিয়ে দিচ্ছে।

পুরনিগমের সিদ্ধান্ত অনুযায়ী, ভদোদরার তান্দালজা এলাকায় ইউসুফ পাঠানের বাড়ির পাশের মোট ৯৭৮ বর্গমিটার জমির মধ্যে ৫০০ বর্গমিটার তাঁকে বিনামূল্যে দেওয়া হবে। বাকি ৪৭৮ বর্গমিটার জমির জন্য বাজারদরের মাত্র ৫৫ শতাংশ দিতে হবে তাঁকে। পুরনিগমের মেয়র গীতা মাকওয়ানা জানিয়েছেন, স্থায়ী সমিতিতে পর্যালোচনার পর রাজ্য সরকারের পাঠানো প্রস্তাবটি সাধারণ সভায় তোলা হয়েছিল। বিরোধীদের আপত্তি ও বিতর্ক সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে তা অনুমোদিত হয়েছে। তবে জমিটি যাতে ভবিষ্যতে অন্য কোনও ব্যক্তির কাছে বিক্রি করা না যায়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় শর্ত আরোপের কথাও জানিয়েছেন মেয়র।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। তাদের দাবি, সরকারি জমি নিয়ে এই সিদ্ধান্ত দুর্নীতি এবং দ্বিচারিতার উদাহরণ। গুজরাত প্রদেশ কংগ্রেস সভাপতি অমিত চাভদার অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইউসুফ পাঠান ওই জমিকে নিজের সম্পত্তি হিসেবে দেখিয়েছিলেন। অথচ ২০১৪ সালেই রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতর জমি বরাদ্দের প্রস্তাব বাতিল করেছিল। তা সত্ত্বেও জমিটি তাঁর দখলে ছিল বলে অভিযোগ কংগ্রেসের।

ঘটনার সূত্রপাত ২০১২ সালে। ওই বছরের মার্চে বাড়ির পাশে সরকারি জমি বরাদ্দের আবেদন করেছিলেন পাঠান। পরে পুরনিগমের স্থায়ী সমিতি তাঁর ক্রিকেট জীবনের সাফল্যের কথা উল্লেখ করে জমি দেওয়ার সুপারিশ করে। কিন্তু ২০১৪ সালে রাজ্য সরকার সেই প্রস্তাব খারিজ করে দেয়। ২০২৪ সালে সাংসদ হওয়ার কয়েক সপ্তাহ পর পুরনিগম তাঁকে জমি খালি করার নোটিস দেয়। সেই নোটিসের বিরুদ্ধে গুজরাত হাই কোর্টে আবেদন করলেও একক বিচারপতির বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে। পরে ডিভিশন বেঞ্চে নতুন আবেদন করেন পাঠান, যদিও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন ইউসুফ পাঠান। চলতি বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলের বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার গুজরাতে জমি বরাদ্দের সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন এই সাংসদ।

Related Articles