কলকাতা

বিরোধী দলনেতার পদ নিয়ে ফের বিতর্ক, হেয়ার স্ট্রিট থানায় শোভনদেব

শোভনদেবের দাবি, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশে ঋতব্রত ও আখরুজ্জামান ওই দায়িত্ব পালন করছিলেন।

Truth of Bengal: বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতক আখরুজ্জামানের বিরুদ্ধে বেআইনিভাবে বেতন ও সরকারি সুযোগ-সুবিধা ভোগের অভিযোগ উঠল। এই অভিযোগ নিয়েই শনিবার বিকেলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাতে যান তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তবে পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেনি।

শোভনদেবের দাবি, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশে ঋতব্রত ও আখরুজ্জামান ওই দায়িত্ব পালন করছিলেন। আদালতের নির্দেশের মেয়াদ ছিল ১৮ অক্টোবর পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁরা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ তাঁর। থানা থেকে জানানো হয়েছে, বিষয়টি বিধানসভার অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত। তাই পুলিশ অভিযোগ নেয়নি। এবার আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানিয়েছেন শোভনদেব।

অন্যদিকে, শোভনদেবের অভিযোগের পালটা দিয়েছেন ঋতব্রত শিবিরের মুখপাত্র ঋজু দত্ত। তাঁর কটাক্ষ, শোভনদেবের অতীত ভূমিকা প্রকাশ্যে এলে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হলেও সই জালিয়াতির অভিযোগ তুলে ঋতব্রত-সহ একাধিক বিধায়ক পৃথক প্রস্তাব দেন। শেষ পর্যন্ত স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রতকে বিরোধী দলনেতার দায়িত্ব দেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শোভনদেব।

Related Articles