বায়ুসেনার হাতে ৩৬ নয়, মাত্র ৩২টি রাফালে? চার যুদ্ধবিমান ‘উধাও’ ঘিরে তুমুল বিতর্ক, মুখ খুলল প্রতিরক্ষা মন্ত্রক
রাফালের মধ্যে ২৮টি এক আসনবিশিষ্ট এবং আটটি দুই আসনবিশিষ্ট যুদ্ধবিমান
Truth of Bengal: ভারতীয় বায়ুসেনার হাতে রাফালে যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ফ্রান্সের কাছ থেকে মোট ৩৬টি রাফালে কিনেছিল ভারত। কিন্তু ব্রিটিশ অ্যাভিয়েশন পত্রিকা ‘ফ্লাইট গ্লোবাল’-এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, বর্তমানে ভারতীয় বায়ুসেনার সক্রিয় বহরে রয়েছে মাত্র ৩২টি রাফালে। অর্থাৎ হিসাব অনুযায়ী, চারটি যুদ্ধবিমান কম। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বাকি চারটি রাফালে কোথায় গেল? যদিও বিতর্কের মাঝেই রিপোর্টের তথ্যকে মনগড়া বলে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। উল্লেখ্য, ফ্রান্সের কাছ থেকে কেনা ৩৬টি রাফালের মধ্যে ২৮টি এক আসনবিশিষ্ট এবং আটটি দুই আসনবিশিষ্ট যুদ্ধবিমান। গত বছর প্রকাশিত ‘ফ্লাইট গ্লোবাল’-এর ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরিতে ভারতের সক্রিয় রাফালের সংখ্যা দেখানো হয়েছিল ৩৫। কিন্তু সাম্প্রতিক সংস্করণে সেই সংখ্যা কমিয়ে ৩২ করা হয়েছে। অর্থাৎ আগের হিসাবের তুলনায় তিনটি বিমান কম। তবে মোট কেনা ৩৬টি বিমানের সঙ্গে তুলনা করলে চারটির ঘাটতি দেখা যাচ্ছে।
বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর পর এই রিপোর্ট সামনে আসায় জল্পনা আরও বেড়েছে। যুদ্ধবিমানগুলির কোনও ক্ষতি হয়েছে কি না, কিংবা কোনও বিমান মেরামতির জন্য সক্রিয় বহরের বাইরে রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য সামনে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত সরকার বা প্রতিরক্ষা মন্ত্রক ‘ফ্লাইট গ্লোবাল’-কে রাফালের সংখ্যা সংক্রান্ত কোনও তথ্য দেয়নি। বায়ুসেনার কাছ থেকেও এই পরিসংখ্যান নেওয়া হয়নি বলে দাবি শীর্ষ আধিকারিকদের। তাঁদের বক্তব্য, ব্রিটিশ পত্রিকার প্রকাশিত তথ্যের সঙ্গে সরকারের দেওয়া কোনও সরকারি পরিসংখ্যানের সম্পর্ক নেই। জানা গিয়েছে, ‘ফ্লাইট গ্লোবাল’-এর এই হিসাব তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সিরিয়ামের সামরিক বিমানবহর সংক্রান্ত ডেটাবেস। তবে ঠিক কোন তথ্যের ভিত্তিতে চারটি রাফালকে সক্রিয় তালিকার বাইরে রাখা হয়েছে, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা রিপোর্টে নেই।
প্রসঙ্গত, সিরিয়াম বিভিন্ন প্রকাশ্য তথ্য, ফ্লাইট ট্র্যাকিং রেকর্ড এবং প্রতিরক্ষা সংক্রান্ত রিপোর্ট বিশ্লেষণ করে সামরিক বিমানবহরের পরিসংখ্যান তৈরি করে। কোনও বিমান রক্ষণাবেক্ষণ, বড় ধরনের মেরামতি কিংবা আধুনিকীকরণের কাজে থাকলেও সক্রিয় বহরের হিসাব থেকে বাদ পড়তে পারে। ফলে তালিকায় সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট বিমানগুলি হারিয়ে গিয়েছে বা ধ্বংস হয়েছে। এদিকে, ভারতের রাফালে কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে ফরাসি সংস্থার সঙ্গে নৌসেনার জন্য ২৬টি রাফাল-মেরিন যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে ভারত। পাশাপাশি বায়ুসেনার জন্য আরও ১১৪টি রাফাল কেনার প্রক্রিয়াও চলছে। ফলে ব্রিটিশ পত্রিকার রিপোর্ট ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে প্রকৃতপক্ষে কতগুলি রাফাল বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে, তা নিয়েই এখন কৌতূহল বাড়ছে।






