দেশ

কুনোয় চিতার সংসারে নতুন সদস্য! একসঙ্গে ৪ শাবকের জন্ম

এই নতুন অতিথিদের আগমনে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২

Truth of Bengal: ভারতের জঙ্গলে ক্রমশ বাড়ছে চিতার পরিবার। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে একসঙ্গে চারটি চিতা শাবকের জন্ম দিল একটি মাদী চিতা। উল্লেখযোগ্য বিষয়, বৎসোয়ানা থেকে ভারতে আনা কোনও চিতার গর্ভে এই প্রথম এদেশে শাবকের জন্ম হল। এই নতুন অতিথিদের আগমনে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। ‘প্রজেক্ট চিতা’র সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কুনো জাতীয় উদ্যানের এই সুখবর প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, বৎসোয়ানা থেকে আনা কোনও চিতার ভারতে শাবক প্রসবের ঘটনা এই প্রথম। তাঁর কথায়, ভারতে চিতার একটি স্থায়ী ও স্বনির্ভর জনসংখ্যা গড়ে তোলার লক্ষ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। ‘প্রজেক্ট চিতা’র ইতিহাসে এই ঘটনাকে বড় মাইলফলক হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

জানা গিয়েছে, চার শাবকের জন্ম দেওয়া মাদী চিতাটির নাম কেওএমজি৩। বয়স মাত্র আড়াই বছর। প্রায় চার মাস আগে বৎসোয়ানা থেকে তাকে কুনো জাতীয় উদ্যানে আনা হয়েছিল। এরপর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে গর্ভবতী হয় সে। শেষ পর্যন্ত কুনোর অরণ্যেই জন্ম দিল চারটি শাবকের। সবুজ বনভূমিতে চিতার বংশবিস্তারের এই ঘটনা স্বাভাবিকভাবেই বনকর্মী ও পরিবেশপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। কুনোয় অবশ্য এর আগেও একাধিকবার চিতা শাবকের জন্ম হয়েছে। গত অক্টোবর মাসে সেখানে পাঁচটি শাবকের জন্ম হয়েছিল। তার আগে সেপ্টেম্বর মাসে ভারতে জন্মানো একটি মাদী চিতা চারটি শাবকের জন্ম দেয়। এবার বৎসোয়ানা থেকে আসা চিতার গর্ভে নতুন চার শাবকের জন্ম দেশের চিতা সংরক্ষণ কর্মসূচিকে আরও আশাবাদী করে তুলেছে।

উল্লেখ্য, ভারতে চিতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে ২০২২ সালে শুরু হয়েছিল ‘প্রজেক্ট চিতা’। প্রথম পর্যায়ে নামিবিয়া থেকে আটটি এবং পরে দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা আনা হয় মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। পরবর্তী সময়ে বৎসোয়ানা থেকেও চিতা আনা হয়েছে। দীর্ঘ কয়েক দশক আগে ভারত থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই প্রাণী। তাই নতুন পরিবেশে তাদের বাঁচিয়ে রাখা এবং বংশবিস্তার করানো ছিল বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, নতুন পরিবেশে চিতার টিকে থাকার হার নিয়ে প্রথম থেকেই উদ্বেগ ছিল। কিন্তু কুনোয় ধারাবাহিকভাবে শাবকের জন্ম এবং চিতার সংখ্যা বৃদ্ধি সংরক্ষণ কর্মসূচির ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। চার নতুন শাবকের আগমনে সেই আশাই আরও জোরালো হল। এবার এই শাবকগুলিকে সুস্থভাবে বড় করে তোলাই বন দফতরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Related Articles