দেশ

অযোধ্যায় মুখোমুখি লড়াইয়ের ডাক যোগীর! অখিলেশকে দিলেন বড় চ্যালেঞ্জ

অখিলেশকে নিশানা করে যোগীর কটাক্ষ, সরাসরি লড়াই করার সাহস তাঁর নেই

Truth of Bengal: অযোধ্যাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে এবার সরাসরি নির্বাচনী লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অখিলেশ যদি অযোধ্যা থেকে নির্বাচনে লড়েন, তাহলে তিনিও ওই কেন্দ্র থেকেই মনোনয়ন জমা দেবেন বলে জানিয়ে দিয়েছেন যোগী। প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর মুখোমুখি লড়াইয়ে তাঁর কোনও আপত্তি নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। একইসঙ্গে অখিলেশকে নিশানা করে যোগীর কটাক্ষ, সরাসরি লড়াই করার সাহস তাঁর নেই। বৃহস্পতিবার একটি জনসভা থেকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অখিলেশ যদি অযোধ্যা থেকে প্রার্থী হওয়ার সাহস দেখান, তাহলে তিনিও সেখানে প্রার্থী হবেন। যোগীর কথায়, “আপনি যদি অযোধ্যা থেকে মনোনয়ন জমা দেন, আমিও মনোনয়ন জমা দেব। সরাসরি মুখোমুখি লড়াই হোক।” উল্লেখ্য, গত অক্টোবর মাসে অখিলেশ যাদবই যোগীকে অযোধ্যা থেকে নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এবার সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে সমাজবাদী পার্টির বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন যোগী। তাঁর দাবি, মাফিয়াদের ভরসাতেই রাজনীতি করে সপা। তাদের শাসনকালে উত্তরপ্রদেশেAyodhya Election আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছিল। দাঙ্গা, কারফিউ এবং গুন্ডামির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা ও ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি না করে সমাজবাদী পার্টি তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে বলে দাবি যোগীর। মাফিয়াদের সঙ্গে সমাজবাদী পার্টির যোগসাজশের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার রাজ্যে অপরাধ ও গুন্ডামি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। এখনও কেউ মাফিয়াগিরি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যোগীর হুঁশিয়ারি, অপরাধীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হবে, যাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে।

সমাজবাদী পার্টিকে আক্রমণ করে তিনি আরও বলেন, সপা মানেই গুন্ডামি, নৈরাজ্য, দাঙ্গা ও কারফিউ। তাঁর অভিযোগ, মাফিয়ারা বরাবরই সমাজবাদী পার্টির ঘনিষ্ঠ এবং দলটি বারবার সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যোগীর দাবি, তাঁর সরকার অপরাধীদের দৌরাত্ম্য দমন করেছে এবং মাফিয়াদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের প্রস্তুতি চলছে।

Related Articles