এবার পুলিশকর্মীদের জন্মদিনে শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী
ই মর্মে রাজ্য পুলিশের সমস্ত পুলিশ সুপার ও পুলিশ কমিশনার-দের প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে
জয় চক্রবর্তী: রাজ্য পুলিশের আধিকারিকদের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিএসপি পদমর্যাদা পর্যন্ত সমস্ত আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিককে জন্মদিনের সকালে শুভেচ্ছা কার্ড এবং ফুলের তোড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মর্মে রাজ্য পুলিশের সমস্ত পুলিশ সুপার ও পুলিশ কমিশনার-দের প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকের জন্মদিনে তাঁর কর্মস্থল বা নির্ধারিত স্থানে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা কার্ড ও ফুলের তোড়া পৌঁছে দিতে হবে।জেলা পুলিশ ছাড়াও রাজ্য পুলিশের জোন, রেঞ্জ, ব্যাটালিয়ন-সহ সমস্ত ইউনিটে এই ব্যবস্থা কার্যকর হবে। ৪ জুলাই থেকে ভবানী ভবন থেকে শুভেচ্ছা কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, প্রতিটি ইউনিটকে ডিএসপি পদমর্যাদা পর্যন্ত কর্মরত আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকদের জন্মতারিখের হালনাগাদ তালিকা জমা দিতে বলা হয়েছে, যাতে নির্ধারিত দিনে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়।






