রাজ্যের খবর

গত বছর যে পুজোয় বসেছিল প্রশাসনিক বাধা, এবার সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর নামে সঙ্কল্প! পাঠালেন ১ লক্ষ টাকা

৫০ ভরির বেশি সোনার গয়না, ১০০ রকমের মিষ্টি ও ৩ কুইন্টাল পোলাও! পুরুলিয়ার এই জগদ্ধাত্রী পুজোর রাজকীয় আয়োজন দেখলে চোখ কপালে উঠবে

Truth of Bengal: গত বছর তৃণমূলের আমলে যে পুজো বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছিল এবং হাইকোর্টের নির্দেশে যার অনুমতি মিলেছিল, এবার পুরুলিয়া শহরের সরকারপাড়া দুর্গামন্দিরের সেই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোয় সঙ্কল্প হতে চলেছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে। বুধবার মহানবমীর পুজোয় ‘শুভেন্দু অধিকারী, কাশ্যপ গোত্র’ নামে এই বিশেষ সঙ্কল্প হবে। শুধু তাই নয়, দেবী জগদ্ধাত্রীর বেনারসি শাড়ি ও মিষ্টির জন্য নিজের গোত্র-সহ ১ লক্ষ টাকাও পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আদতে বিজেপির রাজ্য কমিটির সদস্য গৌতম রায়ের উদ্যোগে আয়োজিত এই পুজো ‘আরাধনা জগদ্ধাত্রী পুজো’ নামে পরিচিত। গত বছর তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানেই আইনি লড়াইয়ের মাধ্যমে পুজোর অনুমতি মিলেছিল। এবছর মুখ্যমন্ত্রীর হাতেই পুজোর উদ্বোধনের কথা থাকলেও সময়ের অভাবে তিনি আসতে পারেননি। ফলে সোমবার মহাসপ্তমীর সন্ধ্যায় রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি এবং বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতোর উপস্থিতিতে পুজোর উদ্বোধন হয়।

পুজোর অন্যতম উদ্যোক্তা গৌতম রায় জানান, “মন্ত্রিসভা গঠনের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার বাংলায় কোনও পুজোর জন্য আর হাইকোর্টে যেতে হবে না। এই পুজোর কথা ভেবেই তিনি ওই বার্তা দিয়েছিলেন।” গৌতমবাবু আরও জানান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে দেবীকে সোনার গয়না দেওয়ার মানত করেছিলেন তিনি। সেই মানত পূরণ করে এবার মাকে সোনার পদ্মফুল দেওয়া চিক নিবেদন করেছেন তিনি। এখানে দেবীকে ৫০ ভরিরও বেশি সোনার অলঙ্কারে রাজরাজেশ্বরী ও ভারতমাতা রূপে আরাধনা করা হয়।

২০১২ সালে মাত্র ৫-৭ হাজার টাকা বাজেটে শুরু হওয়া এই পুজো ১৪তম বর্ষে পৌঁছে প্রায় ২০ লক্ষ টাকার বিশাল আকার নিয়েছে। এবছরের থিম পুরীর রথযাত্রা, যেখানে জগন্নাথ-সুভদ্রা-বলভদ্রের রথযাত্রা থেকে শুরু করে রসগোল্লা দিয়ে মা লক্ষ্মীর অভিমান ভাঙানোর দৃশ্য অপূর্ব শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে।

ভোগের আয়োজনেও রয়েছে রাজকীয় চমক। সপ্তমীতে ১০০ রকমের মিষ্টি এবং অষ্টমীতে ১০৮টি গাওয়া ঘিয়ে ভাজা লুচি নিবেদন করা হয়েছে। মহানবমীতে রুপোর থালা-বাসনে ন’রকম ভাজা, নবরত্ন তরকারি ও পরমান্নের পাশাপাশি ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে তিন কুইন্টাল চালের পোলাওয়ের মহাভোগ।

Related Articles