রাজ্যের খবর

‘ব্রেক আপ বাবা’ থেকে ‘গালি বাবা’! বহরমপুরের ভৈরব পুজোর ব্যতিক্রমী নামে আপত্তি বজরং দলের

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! ভৈরব পুজোর প্রায় ১৬টি ব্যতিক্রমী নাম বদলের দাবিতে সরব বজরং দল

Truth of Bengal: দুর্গাপুজো ও কালীপুজো মিটতেই কার্তিক মাসের সংক্রান্তিতে ভৈরব বা শিবপুজোর উৎসবে মেতে ওঠে মুর্শিদাবাদের বহরমপুর। কিন্তু এ বছর সেই চিরাচরিত পুজোকে ঘিরেই দানা বেঁধেছে ঘোর বিতর্ক। ‘ব্রেক আপ বাবা’, ‘বস বাবা’, ‘গালি বাবা’, ‘ইমার্জেন্সি বাবা’, ‘লরি বাবা’, ‘টোটো বাবা’ কিংবা ‘মোবাইল বাবা’, এমনই নানা আজব ও ব্যতিক্রমী নামে আয়োজিত ভৈরব পুজোগুলির নাম নিয়ে এবার তীব্র আপত্তি জানাল বজরং দল। ভবিষ্যতে এই পুজোগুলির নাম পরিবর্তনের জোরালো দাবিও তুলেছে তারা।

বজরং দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নিম বাবা’, ‘জট বাবা’ বা ‘পাকুড় বাবা’-র মতো নামগুলিতে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু দেবতার নামের সঙ্গে ‘ব্রেক আপ’, ‘বস’, ‘গালি’, ‘ইমার্জেন্সি’, ‘লরি’, ‘টোটো’ বা ‘মোবাইল’-এর মতো শব্দ যুক্ত হওয়াতেই যত আপত্তি। সংগঠনের দাবি, এই ধরনের নাম দেবতার মর্যাদা ক্ষুণ্ণ করে এবং সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে। ইতিমধ্যেই প্রায় ১৬টি ব্যতিক্রমী নামের ভৈরব পুজোর একটি তালিকাও তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এই প্রসঙ্গে বজরং দলের জেলা সংযোজক প্রীতম দত্ত বলেন, “আমাকে আগে অনেকেই জানিয়েছিলেন, বহরমপুরের বেশ কিছু পুজো কমিটির নাম হাস্যকর এবং এ বিষয়ে পদক্ষেপ করতে বলেছিলেন। প্রথমে সোশ্যাল মিডিয়া থেকে কিছু নাম নজরে আসে। নিম বাবা বা পাকুড় বাবা, এগুলি গাছের তলায় হয়, গাছের নাম অনুযায়ীই নামকরণ। কিন্তু একটা পুজো কমিটির নাম ‘ব্রেক আপ বাবা’, ‘সাইলেন্সর বাবা’, এগুলি কি কোনওভাবে মেনে নেওয়া যায়?”

তবে বজরং দলের এই আপত্তিকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে পাল্টা সমালোচনা। যেসব পুজো কমিটি ও স্থানীয় বাসিন্দারা এই আয়োজনের সঙ্গে যুক্ত, তাঁদের বক্তব্য, বহরমপুরের মানুষ দীর্ঘদিন ধরেই এই ভৈরব পুজোর সঙ্গে মিলেমিশে একাকার। স্থানীয়দের কাছে বিষয়টি উৎসব ও লোকসংস্কৃতির অংশ, কেউই এটিকে ধর্মীয় ভাবাবেগে আঘাত হিসেবে দেখেন না বরং হালকা ছলেই নেন। এখন দেখার বিষয়, বজরং দলের চাপ ও আপত্তির মুখে শেষ পর্যন্ত বহরমপুরের এই আলোচিত ভৈরব পুজোগুলির নাম বদলায় কি না।

Related Articles