রাজ্যের খবর

সিগন্যালে ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানের জীবিকা! ট্রাফিক সচেতনতা ও কর আদায়ে তৈরি হচ্ছে ‘বৃহন্নলা ব্রিগেড’

ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানের জীবিকা! রূপান্তরকামীদের নিয়ে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, কী ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

জ্যোতির্ময় দত্ত, কলকাতা: ট্রাফিক সিগন্যালে হাত পেতে টাকা চাওয়ার দৃশ্য এবার বদলাতে চলেছে? শুধু ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে বিকল্প জীবিকার ব্যবস্থা নয়, শহরের ট্রাফিক সচেতনতা থেকে পুরসভার বকেয়া কর আদায়, একাধিক গুরুত্বপূর্ণ কাজে বৃহন্নলাদের যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তাঁদের নিয়ে তৈরি হতে চলেছে বিশেষ ‘বৃহন্নলা ব্রিগেড’। একদিকে কর্মসংস্থান, অন্যদিকে সামাজিক মর্যাদা ও আত্মনির্ভরতার নতুন পথ খুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তাঁর বক্তব্য, রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষকে ভিক্ষাবৃত্তির মধ্যে আটকে না রেখে সম্মানজনক জীবিকা দেওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। সেই লক্ষ্যেই তাঁদের প্রশিক্ষণ দিয়ে প্রশাসনিক কাজে যুক্ত করার ভাবনা।

ট্রাফিক সচেতনতায় নতুন ভূমিকায় বৃহন্নলারা

শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে বৃহন্নলাদের টাকা চাইতে দেখা যায়। এবার সেই পরিচিত ছবির বদলে তাঁদের হাতে তুলে দেওয়া হতে পারে সচেতনতার দায়িত্ব। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ট্রাফিক সিগন্যালে কাজ করতে আগ্রহীদের পুলিশি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁরা রাস্তায় নেমে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেবেন।

হেলমেট ছাড়া বাইক চালানো, গাড়িতে সিটবেল্ট না বাঁধা, চলন্ত বা দাঁড়ানো গাড়ি থেকে রাস্তায় আবর্জনা ফেলা কিংবা থুতু ফেলার মতো অভ্যাসের বিরুদ্ধে সচেতনতা তৈরি করবেন তাঁরা। শুধু কলকাতার রাস্তায় নয়, শহরের বাইরেও ট্রাফিক ও পরিচ্ছন্নতা সংক্রান্ত প্রচারে তাঁদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এই কাজের বিনিময়ে নির্দিষ্ট সাম্মানিক দেওয়া হবে। অর্থাৎ, ভিক্ষার পরিবর্তে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী হিসেবে সম্মানের সঙ্গে উপার্জনের সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য।

এবার বাড়ি বাড়ি গিয়ে বকেয়া কর সংগ্রহ

শুধু রাস্তায় সচেতনতা অভিযান নয়, পুরসভার রাজস্ব বাড়ানোর ক্ষেত্রেও নতুন দায়িত্ব পেতে চলেছেন বৃহন্নলারা। বিভিন্ন পুরসভায় দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ কর বকেয়া রয়েছে। লোকবলের অভাবে বারবার নোটিশ পাঠিয়েও সেই টাকা আদায়ে সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে।

এই পরিস্থিতিতে বকেয়া কর সংগ্রহের কাজে বৃহন্নলাদের যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁরা পুরসভার কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে করদাতাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বকেয়া কর জমা দেওয়ার জন্য আবেদন জানাবেন। তবে সরাসরি এই কাজে নামার আগে তাঁদের বিশেষ প্রশিক্ষণ ও গ্রুমিং করানো হবে। সাধারণ মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, কীভাবে কর জমার অনুরোধ জানাতে হবে, সেই বিষয়েও শেখানো হবে। সঙ্গে থাকবেন পুরসভার ইন্সপেক্টররা। এই কাজের জন্যও তাঁদের নির্দিষ্ট সাম্মানিক দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী।

‘সম্মানের জীবিকা দিতে চাই’, জানালেন অগ্নিমিত্রা পাল

নতুন উদ্যোগের কথা জানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি ব্রিগেড তৈরি করা হচ্ছে, যার নাম ‘বৃহন্নলা ব্রিগেড’। তাঁদের দুটি পৃথক কাজে যুক্ত করা হবে এবং সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়া হবে।

মন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রীর ইচ্ছা, ট্রাফিক সিগন্যালে যাঁরা ভিক্ষা করেন, তাঁদের সেই পেশা থেকে সরিয়ে বিকল্প ও সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই ভাবনা থেকেই এই পরিকল্পনা।

সামাজিক মর্যাদা ও প্রশাসনিক কাজ, দুই লক্ষ্যেই নজর

এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে রাস্তায় ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত বৃহন্নলাদের বিকল্প আয়ের পথ তৈরি হতে পারে, অন্যদিকে ট্রাফিক সচেতনতা এবং পুরসভার কর আদায়ের মতো কাজেও প্রশাসন নতুন কর্মী পাবে। বিশেষ করে পুরসভার বকেয়া কর সংগ্রহে দীর্ঘদিনের সমস্যা কাটাতে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নিয়ে নজর থাকবে।

প্রশিক্ষণ, গ্রুমিং ও কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে দ্রুত এই প্রকল্প চালু করতে চাইছে পুর ও নগরোন্নয়ন দফতর। পরিকল্পনা সফল হলে সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যের এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।

Related Articles