রাজ্যের খবর

ডিসেম্বরেই হরিণঘাটায় ক্যাম্পা কোলার প্ল্যান্টের ভূমিপুজো, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

ডিসেম্বরে ক্যাম্পা কোলা, জানুয়ারিতে জিন্দলদের ভূমিপুজো! পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মঞ্চ থেকে রাজ্যের মেগা বিনিয়োগের রোডম্যাপ দিলেন মুখ্যমন্ত্রী

Truth of Bengal: রাজ্যের শিল্প মানচিত্রে বড়সড় সুখবর। চলতি বছরেই পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগ করতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী (Reliance Group)। আগামী ডিসেম্বর মাসেই নদিয়ার হরিণঘাটায় রিলায়েন্সের জনপ্রিয় পানীয় সংস্থা ‘ক্যাম্পা কোলা’-র অত্যাধুনিক প্ল্যান্টের ভূমিপুজো অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার রাতে কলকাতার পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বয়ং এই বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বুধবার রাতের ওই অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যে আসন্ন একাধিক শিল্প বিনিয়োগের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আদানি আরোগ্য মন্দির তৈরি করা হয়েছে। ডিসেম্বরের শুরুতেই হরিণঘাটায় ক্যাম্পা কোলা আসছে। এরপর আগামী জানুয়ারি মাসে জিন্দল গোষ্ঠীর প্রকল্পেরও ভূমিপুজো হবে। বড় শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগ করবেন, তবে তার পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থের দিকেও আমাদের সমান খেয়াল রাখতে হবে।”

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের নেপথ্যে দীর্ঘদিনের শিল্পহীনতা এবং কর্মসংস্থানের অভাব ছিল অন্যতম প্রধান ইস্যু। ক্ষমতায় আসার আগে বাংলার হারানো শিল্পগৌরব ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, বর্তমান রাজ্য সরকার সেই লক্ষ্য পূরণেই কোমর বেঁধে নেমেছে বলে দাবি প্রশাসনিক মহলের। ইতিমধ্যেই রাজ্যে লাক্স কোজির (Lux Cozi) নতুন কারখানা এবং আমূলের ফ্যাক্টরি গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে একটি অত্যাধুনিক গভীর বন্দর নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

রাজ্যে বড় লগ্নি টানতে এর আগে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও গৌতম আদানির (Gautam Adani) মতো দেশের শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে হাসপাতাল তৈরির কাজ চলছে। এবার খোদ মুখ্যমন্ত্রীর মুখ থেকে হরিণঘাটায় ক্যাম্পা কোলার কারখানা গড়ার দিনক্ষণ ঘোষিত হওয়ায় শিল্পমহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, রিলায়েন্সের এই বৃহৎ বিনিয়োগের ফলে নদিয়া-সহ সংলগ্ন এলাকায় প্রচুর প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং প্ল্যান্টটিকে কেন্দ্র করে স্থানীয় স্তরে অসংখ্য ছোট ব্যবসা ও অনুসারী শিল্প গড়ে উঠবে।

Related Articles