দেশ

জনসংখ্যা বৃদ্ধিতে হিন্দুদের টেক্কা দেবে মুসলিমরা! ২০৭০ সালে ভারতে কত শতাংশ হবে মুসলিম জনসংখ্যা?

জন্মহার কমলেও কেন বাড়ছে মুসলিম জনসংখ্যার অনুপাত? ২০৭০ সালে কমবে হিন্দুদের হার! সামনে এল পিউ রিসার্চের বিস্ফোরক পরিসংখ্যান!

Truth of Bengal: দেশে আগের তুলনায় সামগ্রিক জন্মহার অনেকটাই কমেছে, এমনকি হিন্দু ও মুসলিমদের মধ্যে জন্মহারের ফারাকও ক্রমশ কমছে। তা সত্ত্বেও আগামী পাঁচ দশক জনসংখ্যা বৃদ্ধির নিরিখে হিন্দুদের ছাপিয়ে অনেকটাই এগিয়ে থাকবে মুসলিমরা। আন্তর্জাতিক সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সাম্প্রতিক এক সমীক্ষায় এমনই তাৎপর্যপূর্ণ তথ্য উঠে এসেছে।

পিউ রিসার্চের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মুসলিম, যা ২০৭০ সাল নাগাদ বেড়ে ২০ শতাংশের কাছাকাছি পৌঁছতে পারে। ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনায় দেশে মুসলিম জনসংখ্যা ছিল ৯.৮ শতাংশ, যা ২০১১ সালে বেড়ে দাঁড়ায় ১৪.২ শতাংশে। ২০১১ সালের পর দেশে আর জনগণনা না হলেও সংস্থার অনুমান, ২০২০ সাল নাগাদ ভারতে মুসলিম জনসংখ্যা প্রায় ২১.৩ কোটিতে পৌঁছেছে। ২০৭০ সালে এই সংখ্যা বেড়ে প্রায় ৩৩.৪ কোটি হতে পারে, অর্থাৎ পাঁচ দশকে দেশে প্রায় ১২ কোটি ১০ লক্ষ মুসলিম জনসংখ্যা বাড়বে। অন্যদিকে, ওই একই সময়ে দেশে হিন্দু জনসংখ্যা ১৭.৫ কোটি বাড়লেও সামগ্রিক অনুপাতে হিন্দুদের হার কমতে চলেছে। ২০২০ সালে দেশে হিন্দুদের হার যেখানে প্রায় ৭৯ শতাংশ, ২০৭০ সালে তা কমে ৭৬ শতাংশে দাঁড়াতে পারে।

জনসংখ্যার এই বিপরীত গতির নেপথ্যে মূলত দু’টি কারণ চিহ্নিত করা হয়েছে, জন্মহার ও বিয়ের গড় বয়স। ১৯৯২-৯৩ সালে মুসলিম মহিলাদের গড় জন্মহার ছিল ৪.৪, যা বর্তমানে কমে ২.৩৬-এ দাঁড়িয়েছে। অন্যদিকে, হিন্দুদের জন্মহার ১৯৯২-৯৩ সালের ৩.১ থেকে কমে এখন ১.৯৪ হয়েছে। মুসলিমদের জন্মহার উল্লেখযোগ্যভাবে কমলেও তা এখনও হিন্দুদের তুলনায় কিছুটা বেশি এবং মুসলিমদের মধ্যে বিয়ের গড় বয়স কম হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকছে। তবে আগামী দিনে দুই সম্প্রদায়ের জন্মহারের এই ব্যবধান আরও কমে আসবে বলেই মনে করছে সংস্থাটি।

আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এ দেশের মানুষ ক্রমশ অনুধাবন করছেন। তবে বিশ্বের নিরিখে ছবিটা আরও তাৎপর্যপূর্ণ। পিউ রিসার্চের তথ্য বলছে, বিশ্বজুড়ে ইসলাম ধর্মের বৃদ্ধির গতি সবচেয়ে বেশি (গড় জন্মহার ৩.১, যেখানে খ্রিস্টানদের ২.৫ এবং বিশ্বের গড় ১.৬)। এর ফলে ২০৩৫ সালের মধ্যেই খ্রিস্টানদের টপকে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে চলেছে।