রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটির তোলাবাজি! চাকরি ও টিকিটের টোপ দিয়ে গ্রেফতার বিজেপি নেতা

সুনীল বনসলের সঙ্গে মিটিং, বিধানসভা ভোটের টিকিট! ভিন রাজ্যে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগে জালে গেরুয়া নেতা

Truth of Bengal: রাজ্যে পালাবদলের মাত্র ছ’মাসের মধ্যেই খোদ মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে প্রায় ৬ কোটি টাকা তোলার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা তথা দলের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক ও দিল্লিতে অবাধ যাতায়াতের প্রভাব খাটিয়ে চাকরি এবং কাজের বরাতের টোপ দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দলের অন্দরে এই খবর পৌঁছানোর পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, যার জেরে শনিবার ওই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জেলা থেকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছিলেন অভিযুক্ত অভিজিৎ। তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রিপুঞ্জয় প্রামাণিক অভিযোগ করেছেন, তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার লোভ দেখিয়ে প্রথমে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের সঙ্গে দেখা করিয়ে কলকাতার একটি হোটেলে ১২ লক্ষ টাকা নেওয়া হয়। একই কায়দায় আরও এক নেতার কাছ থেকেও লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই কুকীর্তির খবর মুখ্যমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের দাপুটে নেতা শুভেন্দুবাবুর কানে পৌঁছতেই তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে আইনি পদক্ষেপের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরই গত ১১ নভেম্বর অভিজিতের বিরুদ্ধে নন্দকুমার থানায় লিখিত এফআইআর দায়ের করেন রিপুঞ্জয় প্রামাণিক। শনিবার বিকেলে কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় নন্দকুমারে থামলে, সেখানকার ওসি দিলীপকুমার গুপ্তের কাছে অভিযুক্তের গ্রেফতারি সংক্রান্ত আপডেট নেন শুভেন্দুবাবু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে অভিজিৎকে গ্রেফতার করার পর রবিবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে আদালত চত্বর থেকে বেরোনোর সময় অভিজিৎ দাবি করেছেন, তাঁকে সম্পূর্ণ বিনা কারণে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তবে এই ঘটনায় জেলাজুড়ে এবং রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles