ওপার বাংলা

অগ্নিগর্ভ বাংলাদেশে এবার জ্বলল আওয়ামী লিগের ১৫ নেতার বাড়ি, বন্ধ পদ্মা সেতুর বাস

পটুয়াখালি থেকে চট্টগ্রাম, রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লিগ নেতাদের মার্কেট ও বাড়ি! বন্ধ পদ্মা সেতুর বাস চলাচল!

Truth of Bengal: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার আগেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশে। গত ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে দেশজুড়ে অন্তত ৭৪টি বাস ও অন্যান্য যানবাহনে আগুন লাগানোর খবর সামনে এসেছে। পাশাপাশি ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ, তিনটি থানায় অগ্নিসংযোগ এবং পুলিশের ১৮টি গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। তবে এই অরাজক পরিস্থিতির মাঝেই এবার দেখা গেল পাল্টা ছবিও, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগের অন্তত ১৫ জন নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, পটুয়াখালি জেলা আওয়ামী লিগের সভাপতি কাজি আলমগিরের বাড়িতে আগুন লাগানোর পাশাপাশি ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনিতে দলের বহু নেতার বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত পটুয়াখালি শহর ও সংলগ্ন এলাকায় আওয়ামী লিগ ও সহযোগী সংগঠনের ন’জন নেতার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও ভাঙচুর চালানো হয়। সদর থানা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরীর বাড়িতে হামলার পাশাপাশি তাঁর বাড়ি সংলগ্ন একটি হোটেলও বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে বুধবার রাতে প্রাক্তন মেয়র ও আওয়ামী লিগ নেতা আবদুস ছাত্তার এবং উপজেলা কমিটির সদস্য সামি উসমান গনির দু’টি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগর শাখার সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর বাড়িতেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই সমস্ত হামলায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ এখনও স্পষ্ট কিছু জানাতে পারেনি।

এই চরম অস্থিরতা ও যানবাহন ভাঙচুরের আতঙ্কে পদ্মা সেতু হয়ে চারটি জেলার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু দিয়ে খুলনা থেকে ঢাকাগামী কোনো বাস চলাচল করেনি এবং অধিকাংশ বাস কাউন্টারও বন্ধ ছিল। ফলে বৃষ্টিতে ভিজে চরম ভোগান্তির মধ্যে বিকল্প পথে যাতায়াত করতে বাধ্য হয়েছেন সাধারণ যাত্রীরা।

Related Articles