পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন, কবে হবে শোভাযাত্রা?
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর ভ্রুকুটি ও বৃষ্টিতে বড় সিদ্ধান্ত! পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন ও শোভাযাত্রা
Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজ্যজুড়ে শুরু হওয়া বৃষ্টির জেরে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল। পিছিয়ে দেওয়া হল চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন এবং শোভাযাত্রা। আবহাওয়ার কিছুটা উন্নতি হলে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত ধাপে ধাপে প্রতিমা নিরঞ্জন ও শোভাযাত্রা সম্পন্ন হবে বলে জানিয়েছে চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এই প্রতিকূল আবহাওয়ায় জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন করা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনই যে বর্ণাঢ্য আলোকসজ্জার জন্য চন্দননগর দেশ-বিদেশে বিখ্যাত, বৃষ্টিতে তা মাটি হওয়ার আশঙ্কা রয়েছে। দর্শনার্থীরা সেই আলোর রোশনাই উপভোগ করতে পারবেন না এবং দুর্ঘটনার ঝুঁকিও থেকেই যাচ্ছে। এই সমস্ত দিক বিবেচনা করেই নিরঞ্জনের দিনক্ষণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জিত শোভাযাত্রা আগামী রবিবার, অর্থাৎ ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নন-প্রসেশনাল পুজো কমিটিগুলিকে আবহাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখে শনিবার অথবা রবিবার বিসর্জন সারার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, প্রসেশনাল পুজো কমিটিগুলির প্রতিমা নিরঞ্জন আগামী সোমবার হবে বলে স্থির করা হয়েছে। এই প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “চন্দননগরের শোভাযাত্রা মানেই তো আলো। বৃষ্টিতে কেউ যদি দেখতেই না পারেন, তাহলে কেন করলাম?”
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ইতিমধ্যেই কিছুটা শক্তি খুইয়েছে বলে খবর। অনুমান করা হচ্ছে, শুক্রবার ওড়িশার পুরী ও অন্ধ্রপ্রদেশের নারসাপুরের মাঝামাঝি কোনও এলাকায় ল্যান্ডফল করতে পারে এটি, সে সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবারও বৃষ্টি চলবে এবং আগামী সপ্তাহ থেকেই পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।






