রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই পাঠ্যবইয়ে বড় বদল! সব বিষয়ের বইয়ের শুরুতেই থাকছে শ্যামাপ্রসাদের ছবি ও জীবনী

অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের মলাট হল গেরুয়া! বন্দে মাতরম্-এর পরের পাতাতেই জায়গা পেলেন শ্যামাপ্রসাদ

Truth of Bengal: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্বঘোষণা অনুযায়ীই বড়সড় পরিবর্তন এল রাজ্যের সরকারি স্কুলের পাঠ্যপুস্তকে। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে জায়গা করে নিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তবে শুধু ইতিহাস বইতেই নয়, স্কুলের প্রায় সমস্ত বিষয়ের পাঠ্যবইয়ের শুরুতেই তাঁর ছবি ও অবদানের কথা সংযুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বইয়ের শুরুতে ‘বন্দে মাতরম্’-এর ঠিক পরের পৃষ্ঠাতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি এবং তাঁর সংক্ষিপ্ত জীবনী ও অবদানের বিবরণ থাকবে।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে কিছু জানাননি। তবে শিক্ষা দফতরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, যেহেতু আগামী শিক্ষাবর্ষের ইংরেজি বইয়ে শ্যামাপ্রসাদের ছবি ও জীবনী ছাপা হয়েছে, তাই ইতিহাস ছাড়াও বাংলা, ভূগোল এবং বিজ্ঞানের মতো অন্যান্য সমস্ত বিষয়ের বইয়ের শুরুতেই এই অংশটি থাকছে বলে ধরে নেওয়া যায়। ইতিমধ্যেই আগামী শিক্ষাবর্ষের বই ছাপার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। পাশাপাশি, অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের মলাটের রং গেরুয়া করা হয়েছে বলেও জানা গিয়েছে। সিলেবাস কমিটি সূত্রে খবর, আপাতত প্রাথমিক স্তরের বইগুলিতে শ্যামাপ্রসাদের জীবনী রাখা হচ্ছে না।

এদিকে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষক সমাজের একাংশ। তাঁদের বক্তব্য, ইতিহাসের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান অন্তর্ভুক্ত করা নিয়ে কোনও আপত্তি নেই; কিন্তু বাংলা, বিজ্ঞান বা অঙ্কের মতো সমস্ত বিষয়ের বইয়ের শুরুতেই তাঁর ছবি ও পরিচিতি রাখার যৌক্তিকতা কী?

প্রসঙ্গত, ‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, শ্যামাপ্রসাদকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে। সেই কমিটির বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সর্বস্তরের পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী ও আত্মবলিদানের ইতিহাস পড়ানো হবে এবং তাঁকে নিয়ে আলাদা বইও প্রকাশ করবে রাজ্য সরকার।

Related Articles