কলকাতা

ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট, ২৯ জানুয়ারি পর্যন্ত স্বস্তি

তদন্তের অগ্রগতি এবং অভিষেকের তদন্তে সহযোগিতার বিষয়টি বিবেচনা করেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় আদালত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজে মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে অভিষেকের সাম্প্রতিক বিচারব্যবস্থা সংক্রান্ত মন্তব্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তবে তদন্তের অগ্রগতি এবং অভিষেকের তদন্তে সহযোগিতার বিষয়টি বিবেচনা করেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় আদালত। শুনানিতে রাজ্যের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে আপত্তি তোলা হয়। রাজ্যের বক্তব্য, বিচারব্যবস্থাকে লক্ষ্য করে একাধিক মন্তব্য করছেন তৃণমূলের এই নেতা। এমনকি বৃহস্পতিবার এক ব্যক্তিকে রক্ষাকবচ না দেওয়ার পরেও বিচারব্যবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করেন তিনি। এই বিষয়টি আদালতে তুলে ধরে রাজ্যের আইনজীবী অভিষেকের বক্তব্যের সমালোচনা করেন।

রাজ্যের বক্তব্য শুনে অভিষেকের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি জানতে চান, এ ধরনের মন্তব্য কেন করা হচ্ছে? বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের মন্তব্যের জেরে আদালত স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে, সেই বিষয়টি কি সংশ্লিষ্ট ব্যক্তি জানেন না? বিচারপতি আরও বলেন, তাঁর মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। সংবাদপত্র পড়েন এমন মানুষজন বর্তমান পরিস্থিতি এবং এই সময়ের মন্তব্য সম্পর্কে অবগত। একজন সাংসদের এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের কাছে কী বার্তা পৌঁছে দেবে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। অন্য আদালতকে নিয়ে মন্তব্য করার বিষয়টিও যে আদালতের কাছে যথেষ্ট উদ্বেগের, তা স্পষ্ট করে দেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, অন্য আদালত সম্পর্কে এভাবে মন্তব্য করা অত্যন্ত বেদনাদায়ক।

তবে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হবে কি না, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তদন্তের অগ্রগতিই প্রধান বিবেচ্য হয়ে ওঠে। তদন্তে এমন কোনও অগ্রগতি হয়েছে কি না, যার ভিত্তিতে রক্ষাকবচ প্রত্যাহার বা মেয়াদ না বাড়ানোর প্রয়োজন হতে পারে, তা জানতে চান বিচারপতি। পাশাপাশি অভিষেক তদন্তে অসহযোগিতা করছেন কি না, সেই বিষয়েও প্রশ্ন তোলা হয়।তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ, এই মুহূর্তে রক্ষাকবচের মেয়াদ না বাড়ানোর মতো কোনও কারণ সামনে আসেনি। তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক, এমন অভিযোগও আদালতের নজরে আসেনি। সমস্ত দিক বিবেচনা করে ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেয় কলকাতা হাইকোর্ট। ফলে মামলার পরবর্তী পর্যায় পর্যন্ত আইনি স্বস্তি বজায় থাকল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Related Articles