কাঁথিতে হস্টেলের ছাদ থেকে ঝাঁপ ডাক্তারি ছাত্রীর, এলাকায় চাঞ্চল্য
Doctor student jumps from hostel roof in Kanthi, creates panic in the area

Truth Of Bengal: বাংলায় আর জি কর হাসপাতালের ঘটনার পর এবার কাঁথি রঘুনাথ আয়ূর্বেদ কলেজে ঘটল মর্মান্তিক ঘটনা। কলেজের এক ছাত্রী হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার ফলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, আহত ছাত্রী উত্তর ২৪ পরগনার আগরপাড়া এলাকার বাসিন্দা এবং প্রথম বর্ষের ছাত্রী। কাঁথিতে হস্টেলে থেকে পড়াশোনা করতেন তিনি। রবিবার রাতে, হস্টেলের তিনতলার ছাদে ঘুরতে ঘুরতে ফোনে কথা বলছিলেন। তখন হঠাৎ তাঁর সহপাঠীরা বিকট শব্দ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন তরুণী নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে কলকাতার হাসপাতালে রেফার করা হয়।
সহপাঠীদের মতে, ওই ছাত্রী সাধারণত চুপচাপ থাকতেন এবং নিজের মতো পড়াশোনা করতেন। হঠাৎ এমন ঘটনা কেন ঘটল, তা কারও কাছে স্পষ্ট নয়। কলেজের সম্পাদক সুকমল মাইতি জানান, তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।





