কলকাতা

নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে ‘হনুমান চালিশা’ পাঠ! যুবদের অংশগ্রহণে আপ্লুত মুখ্যমন্ত্রী, নিশানায় বাম-তৃণমূল

‘বাংলায় হিন্দু ভাইবোনেরা এবার মনপ্রাণ খুলে ধর্ম পালন করবেন!’ জেন-জি প্রজন্মের অংশগ্রহণে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Truth of Bengal: জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমীর পুণ্য তিথিতে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হল পাঁচ লক্ষ কণ্ঠে ‘হনুমান চালিশা’ পাঠের বিশেষ অনুষ্ঠান। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সনাতন সংস্কৃতির চর্চা ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে যুব প্রজন্মের বিপুল অংশগ্রহণ দেখে রীতিমতো আপ্লুত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই তরুণ প্রজন্মের হাত ধরেই ২০৪৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘বিকশিত ভারত’ গড়ে উঠবে এবং ভারত আবারও ‘বিশ্বগুরু’ হিসেবে প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে ‘সনাতন বিরোধী’ বলে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এত বছর ধরে বাংলায় সনাতন ধর্মকে অপমান করা হয়েছিল। বামেরা নাস্তিক ও সনাতন ধর্মবিরোধী, তাঁরা কখনও কোনও ভগবানের নামে জয়ধ্বনি দেননি। আর তৃণমূল তো মা কালীকে প্রিজন ভ্যানে তুলে দিয়েছিল। এবার থেকে রাজ্যে আর ওসব চলবে না। বাংলায় হিন্দু ভাইবোনেরা এখন মনপ্রাণ খুলে নিজেদের ধর্ম পালন করবেন।”

নেতাজি ইন্ডোরের প্রেক্ষাগৃহে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আজকের এই আসরে এত যুবকদের দেখে বোঝা যাচ্ছে, তাঁরা নিজেদের ধর্মাচরণে কতটা আগ্রহী। এটা আপনাদেরই সরকার। আপনাদের হাত ধরেই ২০৪৭ সালে ‘বিকশিত ভারত’ গড়ে উঠবে।”

উল্লেখ্য, নতুন প্রজন্মকে ভারতীয় সংস্কৃতি ও সনাতন ঐতিহ্যের পাঠ দিতে ইতিমধ্যেই স্কুলপাঠ্যে এই সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমান সরকারের তরফে। এদিনের অনুষ্ঠানে আজকের ‘জেন-জি’ (Gen Z) প্রজন্মের স্বতঃস্ফূর্ত যোগদান থেকে স্পষ্ট যে, রাজ্য সরকার যে সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে চাইছে, তাতে তরুণদের আগ্রহে কোনো ভাটা নেই। মুখ্যমন্ত্রীর মতে, বিগত প্রায় সাড়ে তিন দশকের উদাসীনতার আবহ কাটিয়ে নতুন ভারত গড়ার ক্ষেত্রে এই তরুণ প্রজন্মই হয়ে উঠবে সবচেয়ে বড় হাতিয়ার।

Related Articles