দেশ

গোপালপুরের কাছে শুরু হল ‘আকভান’-এর ল্যান্ডফল! ওড়িশায় সরানো হল ৩ লক্ষ মানুষ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কড়া সতর্কতা!

ল্যান্ডফলের পর গভীর নিম্নচাপে পরিণত হবে ‘আকভান’! ঘণ্টায় ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

Truth of Bengal: সমুদ্রে শক্তি খুইয়ে ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোলেও গভীর রাতে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। আবহাওয়া দফতরের (IMD) সকালের বুলেটিন অনুযায়ী, গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের সামনের অংশ স্থলভাগে ঢুকলেও এর চোখ (Cyclone Eye) গোপালপুর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে রয়েছে। সাইক্লোনের চোখ স্থলভাগে প্রবেশ করলে গোপালপুর ও সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে এবং ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটারে। ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরও শক্তি খুইয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গত ২৪ ঘণ্টায় গতিপথ বদলে ওড়িশার দিকে সরে আসায় দক্ষিণ ওড়িশার জেলাগুলিতে দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে এবং শুক্র ও শনিবার পুরী, গঞ্জাম, খুরদা, কটক, ভদ্রক, কোরাপুট ও মালকানগিরি-সহ একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত গোপালপুরে ১৬৬ মিলিমিটার, চাঁদবালিতে ৯০ মিলিমিটার, পারাদ্বীপে ৮৪ মিলিমিটার এবং পুরীতে ৭৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক জেলারগুলি থেকে অন্তত তিন লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ওড়িশা প্রশাসন। খোলা হয়েছে ২৫২৩টি আশ্রয়শিবির এবং মোতায়েন করা হয়েছে ৪২৩টি উদ্ধারকারী দল, যার মধ্যে রয়েছে এনডিআরএফ-এর ১৪টি, ওডিআরএফ-এর ৬০টি ও দমকলের ১৩১টি দল। শুকনো খাবার, পানীয় জল, ওষুধ, স্যানিটারি প্যাড ও শিশুখাদ্য মজুত রাখা হয়েছে এবং প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। পাশাপাশি ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্দে ভারত-সহ পুরীগামী একাধিক ট্রেন ও শুক্রবারের বেশ কিছু মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও দুর্যোগ চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হচ্ছে এবং শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনি ও রবিবার দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পর সোমবার থেকে আবহাওয়া শুকনো হতে পারে এবং ২০ নভেম্বর পর্যন্ত উপকূলে মৎস্যজীবীদের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের বড় প্রভাব না পড়লেও শুক্র থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles