২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সূচি সামনে এল! ১৯ মার্চ থেকে শুরু, শেষ কবে?
২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সূচি সংসদের তরফে পাঠানো হয়েছে। মাধ্যমিকের সূচিতে পরিবর্তন হলে বদলাতে পারে উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিনক্ষণও।
জ্যোতির্ময় দত্ত, কলকাতা: আগামী বছরের বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়ে এবার ক্রমশ স্পষ্ট হচ্ছে ছবিটা। মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সূচির পর ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়েও সামনে এল নতুন প্রস্তাব। সংসদ সূত্রে খবর, আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারে ১৯ মার্চ থেকে। পরীক্ষা শেষ করার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে ১৩ এপ্রিল। যদিও এই সূচি এখনও চূড়ান্ত নয়, তবুও প্রস্তাবিত দিনক্ষণ সামনে আসায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রস্তুতির তৎপরতা বাড়তে শুরু করেছে।
শিক্ষা মহলের খবর অনুযায়ী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ২০২৭ সালের পরীক্ষার সম্ভাব্য সূচি পাঠানো হয়েছে। সেই প্রস্তাব মেনে চললে মার্চের তৃতীয় সপ্তাহে শুরু হবে পরীক্ষা, যা চলতে পারে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। অর্থাৎ, মাধ্যমিক শেষ হওয়ার পর কিছুটা ব্যবধান রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা পর্ব শুরু করার পরিকল্পনা রয়েছে।
তবে এখনই চূড়ান্ত রুটিন ধরে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকছে। কারণ, উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি অনেকটাই নির্ভর করছে মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ কী হচ্ছে তার উপর। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ২ মার্চ থেকে শুরু করার সম্ভাব্য প্রস্তাব পাঠানো হয়েছে। সেই সূচি অনুমোদন পাওয়ার পর কোনও পরিবর্তন হলে তার প্রভাব পড়তে পারে উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিনক্ষণেও।
ফলে দুই বোর্ড পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান বজায় রাখা এবং পরীক্ষার সামগ্রিক ব্যবস্থাপনার কথা মাথায় রেখেই চূড়ান্ত সূচি তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাবিত ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের সময়সীমা আপাতত সম্ভাব্য সূচি হিসেবেই রয়েছে।
এখন পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নজর শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের পরবর্তী সিদ্ধান্তের দিকে। চূড়ান্ত রুটিন প্রকাশিত হলেই ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে সমস্ত জল্পনার অবসান হবে। তার আগে প্রস্তাবিত সূচিকে সামনে রেখে পড়াশোনার পরিকল্পনা সাজাতে শুরু করেছেন বহু পরীক্ষার্থী।



