জাল নথিতে কোটি কোটি টাকার জমি হাতানোর অভিযোগ, তিন ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট ইডির
বিচার ভবনের বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে জমি জালিয়াতির একাধিক কৌশলের কথা তুলে ধরেছেন তদন্তকারীরা
Truth of Bengal: দক্ষিণ কলকাতার গড়িয়া ও সংলগ্ন এলাকায় জাল নথি তৈরি করে কোটি কোটি টাকার জমি দখলের অভিযোগ। এই ঘটনায় তিন ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়, রামপ্রসাদ মুখোপাধ্যায় ও দেবাশিস চৌধুরীর বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিচার ভবনের বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে জমি জালিয়াতির একাধিক কৌশলের কথা তুলে ধরেছেন তদন্তকারীরা।
রাজ্য পুলিশের দায়ের করা ১৩টি এফআইআরের ভিত্তিতে আর্থিক তছরুপের তদন্ত শুরু করেছিল ইডি। সোনারপুর, নরেন্দ্রপুর এবং বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় দায়ের হওয়া ওই মামলাগুলিতে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভুয়ো নথি ব্যবহারের অভিযোগ ছিল। তদন্তে ইডির দাবি, গড়িয়া ও আশপাশের এলাকার মূল্যবান জমি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে জাল নথির কারবার চালাতেন অভিযুক্ত ব্যবসায়ীরা। ইডির অভিযোগ, জমির মালিকদের সঙ্গে প্রথমে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সম্পর্ক তৈরি করতেন অভিযুক্তরা। এরপর সেই সুযোগ কাজে লাগিয়ে জমির মালিকানা সংক্রান্ত নথিতে কারচুপি করা হত। ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি, বোর্ড রেজোলিউশন এবং উত্তরাধিকার সংক্রান্ত নথি তৈরি করে জমির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হত বলে অভিযোগ। জাল নথির ভিত্তিতে রেজিস্ট্রি দলিল তৈরি, জমির রেকর্ডে মিউটেশন এবং দেওয়ানি মামলা দায়েরের মতো পদক্ষেপও করা হয়েছিল বলে চার্জশিটে দাবি করেছে ইডি।
এর জেরে প্রকৃত জমির মালিকরা নিজেদের সম্পত্তির অধিকার হারান বলে অভিযোগ। কয়েকটি ক্ষেত্রে জমির মালিকদের হুমকি দেওয়া এবং নিজেদের জমিতে প্রবেশ করতে গেলে বাধা দেওয়ার ঘটনাও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে বিশেষভাবে দু’টি জমি প্রকল্পের উল্লেখ করেছে ইডি। তদন্তকারীদের দাবি, প্রথম প্রকল্পে ৪ কোটি ১২ লক্ষ টাকা এবং দ্বিতীয় প্রকল্পে ৭১ কোটি ৬২ লক্ষ টাকার সম্পত্তি বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হয়েছিল। পাশাপাশি, একটি সংস্থার মালিকানাধীন ৬.৪১ একর জমির অধিকার অন্য একটি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য জাল বোর্ড রেজোলিউশন ব্যবহারের অভিযোগও সামনে এসেছে।






