জনতার রায়ে ব্রাত্য, কিন্তু পরিবারের কাছে আজও ‘সুপারস্টার’! নিন্দুকদের কড়া জবাব শুভশ্রীর
ব্যর্থতা এবং জনরোষের এই কঠিন সময়ে স্বামীর ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Truth of Bengal: ছাব্বিশের নির্বাচনে বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের আঁচ গিয়ে লাগল বারাকপুরেও। একুশের নির্বাচনে যে জনতা পরিচালক রাজ চক্রবর্তীকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন, পাঁচ বছর পর সেই বারাকপুরেই উলটপুরাণ। গত ৪ মে গণনাকেন্দ্র থেকে বেরনোর সময় রাজের দিকে উড়ে এল ‘চোর’ স্লোগান, ধেয়ে এল কাদা এবং জুতো। তবে এই চরম অপমানের মুখেও মেজাজ হারাননি রাজ; বরং শান্ত ও হাসিমুখে এলাকা ছেড়েছেন তিনি।
View this post on Instagram
ব্যর্থতা এবং জনরোষের এই কঠিন সময়ে স্বামীর ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঘটনার পর ২৪ ঘণ্টা নীরব থাকলেও সোশ্যাল মিডিয়ায় রাজের পাশে দাঁড়িয়ে এক আবেগী বার্তা শেয়ার করেছেন তিনি। রাজ এবং দুই সন্তান ইউভান ও ইয়ালিনির বেশ কিছু মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, “আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার। তুমিই আমাদের শান্তির জায়গা এবং আমাদের এক টুকরো পৃথিবী।” বারাকপুরবাসী এবার রাজকে বিধায়ক হিসেবে প্রত্যাখ্যান করলেও, শুভশ্রীর পোস্টে এটা স্পষ্ট যে পরিবারের কাছে রাজ আজও অপরাজেয় ‘সুপারস্টার’। নিন্দুকদের সমালোচনার জবাবে কোনো পাল্টা আক্রমণ নয়, বরং ভালোবাসার চাদরে রাজকে মুড়ে রাখাই ছিল শুভশ্রীর প্রতিবাদের ভাষা।
২০২১ সালে এই বারাকপুর থেকেই বিধায়ক নির্বাচিত হয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন রাজ। তবে ২০২৬-এর নির্বাচনে বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়েছে তাঁকে। হারানো জমি পুনরুদ্ধারের লড়াইয়ে শুভশ্রী ছায়ার মতো পাশে থাকলেও, শেষ পর্যন্ত ব্যালট বক্সের রায় গেছে তৃণমূলের বিপক্ষে। এই কঠিন সময়ে টলিউডের ‘লেডি সুপারস্টার’ যেভাবে স্বামীর পাশে দাঁড়িয়েছেন, তা নেটিজেনদের নজর কেড়েছে।






