সোনামণিকে বাঁচাতেই কি বিদায় ভরত কলের? প্রশ্ন দর্শকদের একাংশের
সোনামণিকে কি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে? তাঁকে বাঁচাতেই কি ভরত কলকে বিদায় নিতে হল?
Truth of Bengal: বিগ বস বাংলা’র ঘরে একের পর এক চমক! সদ্যই শো থেকে বিদায় নিয়েছেন অভিনেতা ভরত কল। অন্যদিকে, এবারের মতো এলিমিনেশনের হাত থেকে রেহাই পেয়েছেন সোনামণি। তাঁর হাতে উঠেছে ‘ইমিউনিটি স্টার’। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সোনামণিকে কি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে? তাঁকে বাঁচাতেই কি ভরত কলকে বিদায় নিতে হল? সমাজমাধ্যমে এমনই নানা প্রশ্ন তুলছেন দর্শকদের একাংশ। যদিও এই অভিযোগের কোনও আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি।
‘ইমিউনিটি স্টার’ পাওয়ায় চলতি সপ্তাহে আর নমিনেশনের মুখে পড়তে হবে না সোনামণিকে। কিন্তু এই সুবিধা নিয়েই ক্ষোভ প্রকাশ করছেন কেউ কেউ। তাঁদের দাবি, ওই চ্যানেলের সঙ্গে সোনামণির দীর্ঘদিনের সম্পর্ক থাকার কারণেই কি বারবার সুবিধা পাচ্ছেন অভিনেত্রী? এমনকী, কেউ কেউ এখন থেকেই তাঁকে ‘বিগ বস বাংলা’র সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখতে শুরু করেছেন। যদিও শেষ পর্যন্ত কে বিজয়ীর মুকুট পরবেন, তা জানতে অপেক্ষা করতে হবে শোয়ের পরবর্তী পর্বগুলির জন্য।
অন্যদিকে, ভরত কলের বিদায়ে মন খারাপ তাঁর অনুরাগীদের। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে, আর তাঁকে বিগ বসের ঘরে দেখা যাবে না। দর্শকদের একাংশের মতে, গোটা ঘরে অভিভাবকের মতো ভূমিকা পালন করতেন ভরত। কখনও প্রতিযোগীদের শাসন করেছেন, আবার কখনও আগলে রেখেছেন স্নেহে। এক অনুরাগীর কথায়, ঘরের ‘ফাদার ফিগার’ ছিলেন তিনি। কেউ আবার লিখেছেন, “বেরিয়ে গেলেও আপনিই রকস্টার!” অনেকের কাছেই ভরত কলের বিদায় মানে শোয়ের অন্যতম আকর্ষণ হারিয়ে যাওয়া। শুধু দর্শকরাই নন, ভরতের বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর সহ-প্রতিযোগীরাও। চোখের জলে তাঁকে বিদায় জানিয়েছেন অনেকে। স্বামীর প্রস্থানে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতার স্ত্রী জয়শ্রীও। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও তাঁর চোখে জয়ী ভরতই।






