গ্ল্যামার ছেড়ে কৃষ্ণনামে মগ্ন অনুষ্কা, কীর্তনের আসরে বিরাটও! ভাইরাল ‘বিরুষ্কা’র ভিডিও
মুম্বইয়ে আমেরিকান কীর্তনশিল্পী কৃষ্ণ দাসের অনুষ্ঠানে ভক্তিরসে মজতে দেখা গেল অনুষ্কাকে
Truth of Bengal: আলো ঝলমলে বলিউড থেকে কার্যত দূরত্ব বাড়িয়েছেন বহুদিন। সংসার, সন্তান আর আধ্যাত্মিক সাধনা—এই তিনেই এখন বেশি মন অনুষ্কা শর্মার। অভিনয়ের জগতে দীর্ঘ বিরতির মাঝেও মাঝেমধ্যেই চর্চায় উঠে আসে তাঁর ধর্মীয় অনুরাগ। এবার মুম্বইয়ে আমেরিকান কীর্তনশিল্পী কৃষ্ণ দাসের অনুষ্ঠানে ভক্তিরসে মজতে দেখা গেল অনুষ্কাকে। সঙ্গে ছিলেন স্বামী বিরাট কোহলিও। আর তারকা দম্পতির সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
Virat Kohli and Anushka Sharma enjoying spiritual vibes at the Kirtan in Mumbai !! ❤️ https://t.co/tbdws5Wxu7
— Nikhil. (@ishowwhyrat) October 25, 2026
রবিবার মুম্বইয়ে আয়োজিত হয়েছিল কৃষ্ণ দাসের লাইভ কীর্তন অনুষ্ঠান। তাঁর ভারত সফরের অংশ হিসেবেই এই আয়োজন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভজনের সুরে হাততালি দিয়ে গলা মেলাচ্ছেন অনুষ্কা। গানের তালে তালে তাঁকে সম্পূর্ণভাবে ভক্তির আবহে ডুবে থাকতে দেখা যায়। অন্যদিকে, বিরাটও কিছুক্ষণের জন্য ক্যামেরার দিকে তাকালেও পরে কীর্তনে মগ্ন হয়ে পড়েন। ভক্তিগীতির সঙ্গে মৃদুস্বরে গলা মেলাতেও দেখা যায় তাঁকে। তারকা দম্পতির এই অন্য রূপই এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রে। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিরাট ও অনুষ্কাকে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছতেও দেখা গিয়েছে বলে বিভিন্ন ভিডিওতে দাবি করা হয়েছে। তবে কৃষ্ণ দাসের কীর্তনে এই প্রথম হাজির হলেন না ‘বিরুষ্কা’। এর আগেও তাঁদের একাধিক আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে। চলতি বছরের জুলাই মাসে লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে একটি প্রার্থনাসভাতেও যোগ দিয়েছিলেন তাঁরা।
অনুষ্কার আধ্যাত্মিক জীবনযাপন নিয়েও অনুরাগীদের কৌতূহল কম নয়। দীর্ঘদিন ধরেই আমিষ খাবার থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। বিজ্ঞাপনের শুটিংয়ের মতো কাজের সময় বাদ দিলে তাঁর গলায় প্রায়ই দেখা যায় তুলসীর কণ্ঠীমালা। হাতে থাকে ‘রাধা জপ’ আংটিও। বলিউডের ঝলমলে জীবন থেকে দূরে থেকেও নিজের বিশ্বাস ও আধ্যাত্মিকতার চর্চায় যে তিনি স্বচ্ছন্দ, তা বারবারই প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, বিরাট ও অনুষ্কা দু’জনেরই নিম করোলি বাবার শিক্ষা ও দর্শনের প্রতি অনুরাগের কথা চর্চায় এসেছে। ভারতে এলে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গেও দেখা করতে যান তাঁরা। ব্যস্ত কর্মজীবন, আন্তর্জাতিক খ্যাতি আর তারকাখ্যাতির মাঝেও আধ্যাত্মিকতার জন্য সময় বের করে নেন এই দম্পতি।






