“আমি তোমাদেরই লোক!”, বারাকপুরে পুলিশকর্মীদের সঙ্গে এক পাতে ফিশফ্রাই-রসগোল্লা খেলেন মুখ্যমন্ত্রী
বারাকপুরে পুলিশের ‘বড়া খানা’য় প্রথমবার হাজির মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস শুভেন্দুর
Truth of Bengal: রাজ্য শাসনের গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি খোদ পুলিশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও তিনি। এবার বারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং অ্যাকাডেমির বিশেষ ‘বড়া খানা’ অনুষ্ঠানে সশরীরে হাজির হয়ে পুলিশ বাহিনীর মনোবল এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধুমাত্র ভাষণ বা আশ্বাসের মধ্যেই নিজের বক্তব্য সীমাবদ্ধ না রেখে, রাজ্য পুলিশের সর্বস্তরের আধিকারিক ও সাধারণ কর্মীদের সঙ্গে একই সারিতে বসে মধ্যাহ্নভোজ সারলেন তিনি। স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, পুলিশমন্ত্রী হিসেবে তিনি সম্পূর্ণভাবে বাহিনীর পাশেই দাঁড়িয়ে রয়েছেন।
প্রতি বছর ঐতিহ্য মেনে রাজ্য পুলিশের তরফ থেকে ‘বড়া খানা’ অর্থাৎ সমস্ত স্তরের সদস্যদের নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়ার বিশেষ আয়োজন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথমবার সেই অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বারাকপুরের ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে পৌঁছন তিনি। সেখানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাঁকে ঘটা করে ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়।
এরপর পুলিশকর্মীদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে বসে মধ্যাহ্নভোজ সারেন মুখ্যমন্ত্রী। রাজকীয় মেনুতে সাজানো ছিল ভাত, ডাল, মুচমুচে আলুভাজা, ফিশফ্রাই এবং শেষপাতে খাঁটি রসগোল্লা। ভোজপর্ব শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিগত বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও আপনাদের দিনরাত কাজ করতে হচ্ছে, তা আমি ভালোভাবেই জানি। দুর্নীতি দমন থেকে শুরু করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সবেতেই আপনারা যোগ্যতার অসামান্য পরিচয় দিয়েছেন। রাজ্যে কিছু আর্থিক সীমাবদ্ধতা ও ঋণের বোঝা থাকলেও, আমাদের পশ্চিমবঙ্গেই যেন দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে ওঠে, মুখ্যমন্ত্রী হিসেবে এটাই আমার মূল প্রত্যাশা। আপনারা নিশ্চিতভাবেই তা পারবেন, সেই দৃঢ় বিশ্বাস আমার রয়েছে।”
মূলত ২০২২ সালের উত্তীর্ণ ব্যাচের পুলিশকর্মীদের বিশেষ সংবর্ধনা জানাতেই রাজ্য পুলিশ অ্যাকাডেমির বারাকপুর সদর দফতরে এই জমকালো আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা-সহ পুলিশের সর্বোচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিরা। সেখানে শুভেন্দু অধিকারী সকল পুলিশকর্মীদের পাশে থাকার বার্তা দিতে গিয়ে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “আপনারা জেনে রাখুন, পুলিশমন্ত্রী সর্বদা আপনাদের পাশেই আছে।”






