‘সলমনই ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’, এই প্রশংসার জেরেই কি টাইগার শ্রফকে নিশানা?
গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুতে ফুটবল খেলে একটি মাঠ থেকে বেরোনোর সময় টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই হামলাকারী।
Truth of Bengal: অভিনেতা টাইগার শ্রফকে আক্রমণের পিছনে সলমন খানের প্রশংসা করার বিষয়টি অন্যতম কারণ হতে পারে বলে তদন্তকারীদের জানিয়েছেন এক অভিযুক্ত। মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছে, ২০২২ সালে একটি ছবির প্রচার অনুষ্ঠানে সলমন খানকে ‘ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’ বলে প্রশংসা করেছিলেন টাইগার। সেই মন্তব্যের জেরেই লরেন্স বিষ্ণোই গ্যাং তাঁকে নিশানা করে থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।
গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুতে ফুটবল খেলে একটি মাঠ থেকে বেরোনোর সময় টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই হামলাকারী। মোট সাত রাউন্ড গুলি চালিয়ে বাইকে চেপে পালিয়ে যায় তারা। ঘটনায় টাইগারের গাড়িচালক এবং এক পথচারী আহত হন। পরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য হামলার দায় স্বীকার করে বলে খবর।
পরের দিন রাজস্থানের কোটা স্টেশনে ট্রেন থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই টাইগারকে নিশানা করা হয়ে থাকতে পারে। সলমনকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের পুরনো বিরোধের কথাও তদন্তে উঠে এসেছে।
১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পবিত্র বলে বিবেচিত। সেই ঘটনা থেকেই সলমনের সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের বিরোধের সূত্রপাত বলে মনে করা হয়।
এদিকে, পুলিশি তদন্তের গতিবিধি অভিযুক্তরা সামাজিক মাধ্যমে অনুসরণ করছিল বলে সন্দেহ তদন্তকারীদের। সিসিটিভি ফুটেজে রেহান নামে এক অভিযুক্তকে বারবার ফোন ব্যবহার করতে দেখা গিয়েছে। ইন্টারনেটের মাধ্যমে ফোন করে তদন্তের তথ্য হামলাকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গুলি চালানোর পর অভিযুক্তরা ফোন বন্ধ করে দেয় এবং ইন্টারনেটভিত্তিক কলের মাধ্যমে যোগাযোগ রাখে বলে তদন্তে জানা গিয়েছে। তবে একটি সাধারণ ফোনকল পুলিশের হাতে গুরুত্বপূর্ণ সূত্র তুলে দেয়। সেই সূত্র ধরে মুম্বই থেকে সুরাত হয়ে জয়পুরগামী ট্রেনের গতিপথ চিহ্নিত করে কোটা স্টেশনে অভিযুক্তদের ধরা হয়।
অস্ত্র সরবরাহের অভিযোগে দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। সুরাত থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং ১০টি কার্তুজ উদ্ধার করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত থাকায় টাইগার শ্রফের বয়ান এখনও রেকর্ড করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।





