বিনোদন

‘চাইনি ভালোবেসে ফেলো’, জীতুকে নিয়ে সৃজলার মুখে এমন কথা! ‘বিগ বস বাংলা’য় নতুন প্রেমের গুঞ্জন

এবার বুধবারের পর্বে সৃজলার মুখে শোনা গেল এমন এক মন্তব্য, যা ঘিরে নতুন করে সরগরম সোশ্যাল মিডিয়া

Truth of Bengal: ‘বিগ বস বাংলা’র ঘরের অন্দরেই কি নতুন প্রেমের গল্প তৈরি হচ্ছে? দুর্নিবার সাহার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর এবার কি জীতু কামালের সঙ্গে ঘনিষ্ঠতায় জড়াচ্ছেন সৃজলা গুহ? বেশ কিছুদিন ধরেই এই দুই প্রতিযোগীর সমীকরণ নিয়ে চলছে নানা জল্পনা। একসঙ্গে সময় কাটানো, খুনসুটি, খেয়াল রাখা থেকে শুরু করে একান্তে গল্প—সবেতেই যেন বাড়ছে ঘনিষ্ঠতা। এবার বুধবারের পর্বে সৃজলার মুখে শোনা গেল এমন এক মন্তব্য, যা ঘিরে নতুন করে সরগরম সোশ্যাল মিডিয়া। অভিনেত্রীকে বলতে শোনা গেল, “দূরে চলে গেলে শান্তি পেয়ে যাব। চাইনি ভালোবেসে ফেলো।” কার উদ্দেশে এই ইঙ্গিত, তা নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। ‘বিগ বস বাংলা’র প্রথম দিন থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন সৃজলা। শুরুর দিকে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে অনেকটাই একা হয়ে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে জীতু কামালের সঙ্গেই তাঁর বন্ধুত্ব ক্রমশ গভীর হয়েছে। দিনের একটা বড় সময় দু’জনকে একসঙ্গে কাটাতে দেখা যায়। কখনও গেম নিয়ে আলোচনা, কখনও অন্য প্রতিযোগীদের নিয়ে কথাবার্তা, আবার কখনও একসঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা—সব মিলিয়ে তাঁদের রসায়ন নজর কেড়েছে দর্শকদের।

সম্প্রতি সৃজলাকে নিয়ে ঘুরতে যাওয়ার আবদারও করতে দেখা গিয়েছিল জীতুকে। তবে বুধবারের পর্বে সেই ঘনিষ্ঠতার মাঝেই তৈরি হয় মনোমালিন্য। একাধিক বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর অভিমান করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েন সৃজলা। কিছুক্ষণ পর সেখানে পৌঁছন জীতু। অভিনেত্রীর হাত ধরে তাঁকে বিছানা থেকে তোলার চেষ্টা করেন। বারবার বলতে থাকেন, “টাস্ক চলছে, বাইরে চলো।” কিন্তু জীতুর কথায় সাড়া না দিয়ে বিছানায় শুয়েই নিজের মনের কথা উগরে দেন সৃজলা। বলেন, “দূরে চলে গেলে শান্তি পেয়ে যাব। চাইনি ভালোবেসে ফেলো।” আর এই একটি মন্তব্যেই নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা। নেটিজেনদের একাংশের মতে, জীতুর প্রতি তাঁর মনে বিশেষ অনুভূতি তৈরি হয়েছে বলেই এমন কথা বলেছেন অভিনেত্রী। আবার কেউ কেউ মনে করছেন, সৃজলার আশঙ্কা, জীতু হয়তো তাঁর প্রেমে পড়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ‘বিগ বস বাংলা’য় আসার আগে থেকেই দুর্নিবার সাহা ও সৃজলা গুহর সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। তাঁদের সমীকরণে দূরত্ব তৈরি হওয়ার পর জীতুর সঙ্গে সৃজলার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় কানাঘুষো। এর আগেও দুর্নিবারের সঙ্গে বন্ধুত্বের সময় সোনামণিকে নিজের ভয় ও আশঙ্কার কথা জানিয়েছিলেন সৃজলা। তাঁকে বলতে শোনা গিয়েছিল, “দুর্নিবার আমাকে আই লাইক ইউ বলেছে। আমার ভয় করছে সোনা।” এবার কি সেই একই আশঙ্কা জীতুকে ঘিরেও? নাকি নিছক বন্ধুত্বের মধ্যেই অতিরিক্ত আবেগ খুঁজে পাচ্ছেন দর্শকরা? সোশ্যাল মিডিয়ায় অবশ্য সৃজলার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই নানা মত। দর্শকদের একাংশের কটাক্ষ, কেউ একটু যত্ন করলেই সৃজলা ভাবেন, তিনি হয়তো প্রেমে পড়ে গিয়েছেন। আবার অনেকের দাবি, জীতুর প্রতি সৃজলারও আলাদা দুর্বলতা রয়েছে। তবে জীতুর মনে সত্যিই প্রেমের অনুভূতি তৈরি হয়েছে কি না, তা এখনই স্পষ্ট নয়। উত্তর দেবে সময়, আর অবশ্যই ‘বিগ বস বাংলা’র আগামী পর্ব!

Related Articles