কলকাতারাজ্যের খবর

কালীপুজোর আগেই নামবে পারদ! উৎসব মিটতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কালীপুজো পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

Truth of Bengal: কালীপুজোর আগেই ফের কমতে পারে বাংলার তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামার সম্ভাবনা রয়েছে। ফলে সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে মিলতে পারে হালকা শীতের আমেজ। তবে উৎসব মিটতেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কালীপুজো পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার হতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাব কাটলে রাজ্যে শীতের আমেজ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।

Related Articles