একাধিক হুমকি ইমেলে তোলপাড়! দিলজিৎ ও অমিতাভকে ঘিরে বাড়ছে উদ্বেগ
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমেলে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’-য় গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে।
Truth of Bengal: দিল্লিতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট বাতিলের পর এবার মুম্বইয়ের অনুষ্ঠান ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তাজনিত কারণে দিল্লি পুলিশের কনসার্ট বাতিলের সিদ্ধান্তের পর নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। শুক্রবার সকালে মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাউড়ের কাছে আসা একটি হুমকি ইমেলে নিশানা করা হয়েছে দিলজিৎ দোসাঞ্ঝের ‘ইন্ডিয়া টুর’-এর পাশাপাশি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকেও।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমেলে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’-য় গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে। এর আগে দিল্লির একাধিক স্কুলেও ভুয়ো বোমা হামলার হুমকি ইমেল এসেছিল বলে জানা গিয়েছে। ওই ইমেলে দিলজিতের কনসার্টে যোগ না দেওয়ার হুঁশিয়ারিও ছিল বলে দাবি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও সাইবার সেল। হুমকি ইমেলের প্রেরককে চিহ্নিত করার চেষ্টা চলছে।
একের পর এক হুমকি ঘিরে দিলজিৎ-ভক্তদের মনে প্রশ্ন, মুম্বইয়ের কনসার্টও কি বাতিল হবে? সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর নতুন করে উদ্বেগ বেড়েছে শহরে। দিলজিৎ ও অমিতাভকে ঘিরে হুমকির ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তায় মুম্বইবাসী।






