৩০৯ জন SI-কে নিয়োগপত্র, পুলিশকে ‘নেশন ফার্স্ট’-এর পাঠ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, পুলিশের গায়ে কেউ হাত তুললে তাকে জেলে থাকতে হবে।
Truth of Bengal: কলকাতা পুলিশের নবনিযুক্ত ৩০৯ জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগপত্র প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার লালবাজারের অনুষ্ঠানে তাঁদের ‘নেশন ফার্স্ট’ ও সততার পাঠ দেন তিনি। পাশাপাশি নেশামুক্তি এবং মহিলাদের উপর অত্যাচারের মতো বিষয়ে পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুই ক্ষেত্রে কোনও সমস্যা হলে পুলিশের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, পুলিশের গায়ে কেউ হাত তুললে তাকে জেলে থাকতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ তিনগুণ টাকা আদায় করা হবে। নবনিযুক্ত পুলিশ আধিকারিকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে শৃঙ্খলার সঙ্গে কাজ করার পরামর্শও দেন তিনি।
এদিন রাজ্য পুলিশের কাজের প্রশংসা করে শুভেন্দু জানান, বিপুল জনসংখ্যা ও ভৌগোলিক বৈচিত্র্যের কারণে পশ্চিমবঙ্গে পুলিশের দায়িত্ব অনেক বেশি। পুলিশকর্মীদের আর্থিক নিরাপত্তা, আধুনিকীকরণ ও প্রশিক্ষণের উপর জোর দেওয়া হবে। অসমের পুলিশ ট্রেনিং ক্যাম্পের সঙ্গে প্রশিক্ষণ সংক্রান্ত সমঝোতাও হয়েছে বলে জানান তিনি।
পুলিশে নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্য পুলিশে ৪৬ হাজার পদ খালি রয়েছে। ধাপে ধাপে সেই শূন্যপদ পূরণ করা হবে। ৬৩৪৫ জন মহিলা পুলিশ এবং কলকাতা পুলিশে ৪ হাজার কনস্টেবল নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি। ডিসেম্বর-জানুয়ারিতে ফের পুলিশে নিয়োগের পাশাপাশি বন দফতর ও দমকলেও নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।






