কালীঘাটে মমতার হুঁশিয়ারির পালটা বিজেপির! অভিষেককে নিয়েও তোপ
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এবার পালটা তৃণমূল নেতৃত্বকে নিশানা করল বিজেপি।
Truth of Bengal: কালীপুজোর আগের দিন ফের উত্তপ্ত কালীঘাট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাস্তা আটকে জমায়েতের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবার পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এবার পালটা তৃণমূল নেতৃত্বকে নিশানা করল বিজেপি।
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেন, অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে রাস্তা আটকে সাধারণ মানুষের সমস্যা তৈরি করা হয়েছে। তাঁর কটাক্ষ, একসময় মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, আর এখন প্যান্ডেলে নামানো হচ্ছে। জন্মদিনে কেক কাটা নিয়েও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয়েছিল বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষও মমতা ও অভিষেককে নিশানা করেন। তাঁর বক্তব্য, ইন্ডি জোটের সঙ্গে যুক্ত থাকার কারণে অভিষেকের বাড়িতে হামলা হয়েছে, এমন দাবি সঠিক নয়। রাতে কেন রাস্তা আটকে জন্মদিন পালন করা হল, সেই প্রশ্নও তোলেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার রাতের ঘটনার পর অভিষেকের বাড়ির সামনে ১৬৩ ধারা জারি করে ব্যারিকেড বসানো হয়। শনিবার সেই ব্যারিকেড সরানোর দাবি জানান মমতা। হাতে হ্যান্ড মাইক নিয়ে বাড়ির বাইরে এসে তিনি সাধারণ মানুষকে রাস্তা ফাঁকা রাখার আবেদন জানান। তাঁর কথায়, অভিষেককে শুভেচ্ছা জানাতে আসা মানুষদের স্বাগত, তবে কালীপ্রতিমা নিয়ে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে।
পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের পদত্যাগও দাবি করেন মমতা। বিজেপিকে নিশানা করে তাঁর হুঁশিয়ারি, একদিকে হামলা আর অন্যদিকে মামলা চালিয়ে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত করা হচ্ছে। কালীঘাটের এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘাত আরও তীব্র হল।






