‘এটাই শেষ!’ নন্দিনীর সঙ্গে তুমুল ঝামেলা রাজবীরের! বিগ বসের ঘরে ভাঙল প্রেম?
এমন ঝামেলায় জড়ালেন দু'জন, যা শেষ পর্যন্ত ধাক্কাধাক্কি ও হাতাহাতি পর্যন্ত গড়ায়
Truth of Bengal: ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র ঘরে রাজবীর দের ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর থেকেই আলোচনার কেন্দ্রে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক। ১০৮টি ক্যামেরার নজরদারিতে তাঁদের প্রেম, ঘনিষ্ঠতা দেখে যেমন মুগ্ধ হয়েছেন দর্শকদের একাংশ, তেমনই বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। কিন্তু এবার সেই সম্পর্কেই দেখা দিল বড়সড় ফাটল! বৃহস্পতিবারের পর্বে একটি আংটি হারানোকে কেন্দ্র করে এমন ঝামেলায় জড়ালেন দু’জন, যা শেষ পর্যন্ত ধাক্কাধাক্কি ও হাতাহাতি পর্যন্ত গড়ায়।ঘটনার সূত্রপাত রাজবীরের একটি আংটি হারানোকে কেন্দ্র করে। প্রেমের শুরু থেকেই নন্দিনীর দেওয়া ‘এন’ অক্ষর লেখা আংটিটি পরতেন রাজবীর। কোনওভাবে সেটি হারিয়ে ফেলেন তিনি। বিষয়টি জানতে পেরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নন্দিনী। রাজবীরকে আংটিটি খুঁজে বের করার জন্য চাপ দিতে থাকেন তিনি।

কিন্তু রাজবীর জানান, তাঁকে রান্নার কাজ করতে হবে। এত বড় বাড়ির মধ্যে ছোট্ট একটি আংটি খুঁজে পাওয়া সহজ নয় বলেও জানান তিনি। আর তাতেই শুরু হয় দু’জনের কথা কাটাকাটি। রাগ ও অভিমানে কান্নায় ভেঙে পড়েন নন্দিনী। রাজবীরকে উদ্দেশ্য করে একের পর এক কটূক্তিও করতে শোনা যায় তাঁকে। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘরে গিয়ে নন্দিনী রাজবীরের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সেই সময়ই তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন রাজবীর। পালটা প্রতিক্রিয়া দেখিয়ে রাজবীরের গায়ে হাত তোলেন নন্দিনীও। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিজের গালে একের পর এক চড় মারতে দেখা যায় রাজবীরকে। এরপরই সম্পর্ক নিয়ে কার্যত ইতি টানার কথা ঘোষণা করেন তিনি। নন্দিনীকে উদ্দেশ্য করে রাজবীর বলেন, “তুমি সব সীমা পেরিয়ে গিয়েছো, আর পোষাচ্ছে না। এটা শেষ।” এই কথা বলেই নন্দিনীকে ঘরে রেখে বাইরে বেরিয়ে যান তিনি।

অথচ কয়েকদিন আগেও ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। গত রবিবার নন্দিনী যখন দুর্গ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন কান্নায় ভেঙে পড়েছিলেন রাজবীর। তাঁর আবেগ দেখে চোখে জল এসেছিল অনেক দর্শকেরও। কিন্তু নন্দিনী আবার বিগ বসের ঘরে ফিরে আসার পর থেকেই তাঁদের সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। গত দু’দিনে একাধিকবার বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন তাঁরা। বৃহস্পতিবারের ঘটনা সেই অশান্তিকে চরম পর্যায়ে পৌঁছে দেয়। এদিকে, রাজবীরের প্রেমের সম্পর্ক নিয়ে আগেও আপত্তি জানিয়েছিলেন দর্শকদের একাংশ। তাঁদের অভিযোগ, নন্দিনীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে নিজের খেলায় মনোযোগ হারাচ্ছেন রাজবীর। এবার দু’জনের এমন আচরণ ঘিরে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে আলোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইনফ্লুয়েন্সার প্রেরণা দাসও। ফলে বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর সম্পর্ক সত্যিই শেষের পথে, নাকি আবারও মিল হবে দু’জনের, এখন সেদিকেই নজর দর্শকদের।






