রাজ্যের খবর

রাস্তা দিয়ে যাওয়ার পথে নজরে এল সাট্টার ঠেক, টিটাগড়ে আচমকা ‘অ্যাকশন’ বিধায়ক কৌস্তভ বাগচীর

বারাকপুরে কৌস্তভের 'সিংহম' অবতার! দুষ্কৃতীদের হাতেনাতে ধরে খড়দহ থানার হাতে সমর্পণ

Truth of Bengal: নির্বাচনে জয়লাভের পর দেওয়া প্রতিটি কথা ও সামাজিক অঙ্গীকার রক্ষায় ফের একবার নিজের কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। রবিবার সকালে ‘সেবা সংকল্প অভিযান’ ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়ার পথে টিটাগড় এলাকায় রাস্তার ধারে চলা বেআইনি সাট্টার ঠেক নজরে আসতেই তড়িঘড়ি গাড়ি থামিয়ে সরাসরি ‘অ্যাকশন’-এ নামলেন তিনি। বিধায়ক ও তাঁর সঙ্গীরা হাতেনাতে দু’জন কারবারিকে ধরে ফেলে খড়দহ থানার পুলিশের হাতে তুলে দেন।

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে টিটাগড় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ডোমপট্টি এলাকায়। এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই কৌস্তভ বাগচীর চোখে পড়ে রাস্তার ধারেই প্রকাশ্যে রমরমা সাট্টার প্যাড লেখা হচ্ছে ও টিকিট বিক্রি চলছে। পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মদের বোতল। অপরাধমূলক কার্যকলাপ নজরে আসার সাথে সাথেই বিন্দুমাত্র দেরি না করে গাড়ি থামান কৌস্তভ। বিধায়ককে তাঁর অনুগামীদের নিয়ে সশরীরে এগিয়ে আসতে দেখে ঠেকে থাকা লোকজনের মধ্যে দৌড়াদৌড়ি পড়ে যায়।

তবে বিধায়কের সঙ্গীরা তাড়া করে সেখান থেকে দু’জনকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ধৃত দু’জনকে পুলিশি পাহারায় তুলে দেওয়া হয়। ওই এলাকায় যাতে ভবিষ্যতে আর কোনও ধরনের বেআইনি জুয়া, সাট্টা বা মাদকের ঠেক না চলে, সে বিষয়ে পুলিশ ও দুষ্কৃতীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন ব্যারাকপুরের বিধায়ক।

গোটা ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কৌস্তভ বাগচী বলেন, “রাস্তার ধারে বসে প্রকাশ্যে সাট্টার ঠেক চালানো হচ্ছিল, পাশে মদের বোতল রাখা। এই জুয়া, সাট্টা ও বেআইনি মদের আসরের কারণে কত সাধারণ পরিবার যে নিঃস্ব ও ধ্বংস হয়ে যাচ্ছে, তা বলে বোঝানো যাবে না। সমাজকে অপরাধমুক্ত ও সুস্থ রাখতে গেলে এই ধরনের বেআইনি চক্রগুলোকে মূল থেকে উপড়ে ফেলতেই হবে।” এ ধরনের অপরাধ দেখলে সাধারণ মানুষকেও ভীতি কাটিয়ে সোচ্চার হওয়ার আবেদন জানান তিনি।

খড়দহ থানার পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং এই চক্রের নেপথ্যে আর কোন প্রভাবশালী বা দুষ্কৃতী জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কৌস্তভের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন টিটাগড়ের সাধারণ মানুষ।

Related Articles