খেলা

সৌদি আরবে কি শেষ হতে চলেছে ‘সিআর সেভেন’ ম্যাজিক?

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর উপর নাকি অসন্তুষ্ট রোনাল্ডো

Truth of Bengal: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আল নাসেরের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে মনে করা হচ্ছে সৌদি ক্লাবটি ছাড়তে পারেন পর্তুগিজ মহাতারকা। এমনও শোনা যাচ্ছে, তাঁর জায়গা নিতে আল নাসেরে আসতে পারেন লিভারপুল তারকা মহম্মদ সালাহ।সম্পর্কে যে ছিঁড় ধরেছে তার ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক ঘটনাতেই। আল নাসেরের শেষ দু’টি ম্যাচে দেখা যায়নি সিআর সেভেনকে। এর পর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জোরালো হয়েছে নানা গুঞ্জন।সূত্রের খবর, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর উপর নাকি অসন্তুষ্ট রোনাল্ডো।

এই সংস্থাই দেশের চারটি প্রধান ক্লাবকে নিয়ন্ত্রণ করে। রোনাল্ডোর অভিযোগ, আল নাসরের তুলনায় প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।আল নাসেরে বর্তমানে দুই পর্তুগিজ কর্মকর্তা—স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুটিনহো এবং সিইও হোসে সেমেদো—থাকলেও তাঁদের ক্ষমতা নাকি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তে খুশি নন রোনাল্ডো। তাঁর মনে হয়েছে, দলবদলের বাজারে আল হিলালের থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে আল নাসের।করিম বেনজিমার আল ইতিহাদ ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার খবর রোনাল্ডোর অসন্তোষ আরও বাড়িয়েছে বলেই দাবি বিভিন্ন মহলের। আল ইতিহাদের বিরুদ্ধে ম্যাচে খেলেননি তিনি। তার আগে আল রিয়াদের বিরুদ্ধেও মাঠে নামেননি।

টানা দু’টি ম্যাচে অনুপস্থিতি তাই সৌদি ছাড়ার জল্পনাকে আরও উসকে দিচ্ছে।এদিকে রিয়াধের রাস্তায় ‘সিআর সেভেন’-এর ‘নিখোঁজ’ পোস্টারও দেখা গেছে। যদিও সেগুলো প্রতিপক্ষ দলের সমর্থকদের মজার ছলেই দেওয়া বলে জানা গেছে। তবুও সব মিলিয়ে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে।

Related Articles