কামিন্সের পর ছিটকে গেলেন হ্যাজেলউডও, বিশ্বকাপের আগে চাপ বাড়ল অস্ট্রেলিয়ার
চোট সারিয়ে এখনও পুরোপুরি ফিট হতে না পারায় বিশ্বকাপের প্রথম পর্বে তাঁর খেলা কার্যত অনিশ্চিত।
Truth Of Bengal: টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক এক সপ্তাহ আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। আগেই চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইসকে। এ বার সেই তালিকায় যুক্ত হল আর এক তারকা পেসার জশ হ্যাজেলউডের নাম। চোট সারিয়ে এখনও পুরোপুরি ফিট হতে না পারায় বিশ্বকাপের প্রথম পর্বে তাঁর খেলা কার্যত অনিশ্চিত। অ্যাশেজ সিরিজ চলাকালীন অ্যাকিলিস হিলের চোট পান হ্যাজেলউড। সেই চোটের কারণে পুরো সিরিজে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। যদিও বিশ্বকাপে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন অজি পেসার। তবে পুরনো চোটই ফের বাধা হয়ে দাঁড়িয়েছে। বোলিং শুরু করলেও এখনও ম্যাচ খেলার মতো ফিটনেসে পৌঁছননি তিনি। বর্তমানে সিডনিতে রিহ্যাব চালাচ্ছেন হ্যাজেলউড।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচগুলিতে হ্যাজ্ডজেকে ছাড়াই মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। নক-আউট পর্বে তাঁর ফেরা সম্ভব হলেও, সেটাও এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে হ্যাজ়েলউডের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার স্কোয়াডের সঙ্গে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার সন অ্যাবটকে। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে সন অ্যাবটকে নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে অস্ট্রেলিয়া দল।
এই বিষয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডোডেমাইড। তিনি বলেন, আমাদের মনে হয়েছে, এই মুহূর্তে অস্ট্রেলিয়াতেই থেকে রিহ্যাব চালানো হ্যাজ়েলউডের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। চেনা পরিবেশে থেকে ম্যাচ খেলার মতো ফিটনেস অর্জন করাই এখন প্রধান লক্ষ্য। সন অ্যাবট জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছে এবং বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাই পাকিস্তান সফরের পরে শ্রীলঙ্কাতেও ও স্কোয়াডের সঙ্গে থাকবে।এদিকে মঙ্গলবার অস্ট্রেলিয়া দলে যোগ দেবেন গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিস। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ৫ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।






