১৭ হাজার শিক্ষককে বড় স্বস্তি, ২০২৭-এর ৩১ মে পর্যন্ত চাকরি বহাল
২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া ঘিরে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছিলেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।
Truth of Bengal: সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন প্রায় ১৭ হাজার ‘যোগ্য’ শিক্ষক। আগামী ৩১ মে, ২০২৭ পর্যন্ত তাঁদের চাকরি বহাল থাকবে। সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই সময়সীমার মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে।
২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া ঘিরে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছিলেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। পরে পড়ুয়াদের স্বার্থে ‘যোগ্য’ শিক্ষকদের সাময়িকভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে সেই মেয়াদ বাড়ানো হয়।
এরপর নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ও এসএসসি। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সচিন সচদেবার বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, এটাই শেষ সুযোগ। ৩১ মে, ২০২৭-এর পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না।
রায়ের পর চাকরিহারা শিক্ষকদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের দাবি, নতুন নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে এবং বিনা দোষে কোনও যোগ্য প্রার্থী যেন চাকরি না হারান।






