দুই দিনে শেষ হওয়া পার্থ টেস্ট জিতলেও, আর্থিক ক্ষতির মুখে অস্ট্রেলিয়া
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই অর্থের পরিমাণটা হল প্রায় ৩০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার।
Truth Of Bengal: চলতি বছরের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল পার্থে। পাঁচদিনের সেই ম্যাচ মাত্র দুই দিনেই শেষ করে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচ জিতলেও, শান্তি নেই অস্ট্রেলিয়া সরকারের। কেননা পাঁচ দিনের ম্যাচে যেহেতু দুই দিনেই শেষ হয়ে গিয়েছে, তাই আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে সে দেশের ক্রিকেট বোর্ডকে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই অর্থের পরিমাণটা হল প্রায় ৩০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ কোটি টাকার ওপর।
এই সম্বন্ধে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্থে প্রথম ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি থেকেই অজি ক্রিকেট বোর্ডের রোজগারের কথা ছিল ৩০ লক্ষের বেশি ডলারের। কিন্তু যেহেতু ম্যাচ দ্বিতীয় দিনেই শেষ হয়ে গেল সে কারণে এই বিশাল পরিমাণ টাকা এখন লোকসানের খাতায় চলে গেল। এবং ম্যাচের দুই দিনেই যে পরিমাণ দর্শক মাঠে ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন, তা গত বছর ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের থেকেও বেশি।
প্রসঙ্গত, অজি ক্রিকেট বোর্ডের এই আর্থিক ক্ষতির প্রসঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান টড গ্রিনবার্গ বলেন, ‘পার্থের প্রথম টেস্ট দুই দিনে শেষ হয়ে যাওয়ার ফলে বিশেষ ক্ষতি হবে সম্প্রচার সংস্থা ও আমাদের ক্রিকেট বোর্ডের। তারপর ক্ষতির মুখে পড়বেন স্পনসররা ও অন্যান্য যাঁরা আছে তারা। সব মিলিয়ে বলা যেতে পারে এটা অন্যতম বড় ক্ষতি।’
এদিকে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৪ ডিসেম্বর। ব্রিসবেনের ২২ গজে ফের স্টোকস-রুটরা মুখোমুখি হবেন ট্রাভিস হেড, মিচেল স্টার্কদের।






